শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৫:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন শমসেরনগর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম অভিমুখী ৭২৪ ডাউন উদয়ন এক্সপ্রেস ট্রেনের এ্যাটেনডেন্ট তৌহিদের ওপর এক যাত্রী ও তার চার সহযোগীর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৌহিদের নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লাগে এবং নাক দিয়ে রক্তপাত হয়।
জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় ৭২৪ ডাউন উদয়ন এক্সপ্রেস। ট্রেনটি চলাচলের সময় চারজন স্ট্যান্ডিং যাত্রী এসি কোচ নম্বর ১৩৫৯ (ন)-এ উঠে অবস্থান করেন। এ সময় ওই কোচে থাকা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত এ্যাটেনডেন্ট তৌহিদ তাদের বিষয়টি বুঝিয়ে নন-এসি কোচে যাওয়ার অনুরোধ করেন এবং এসি কোচ থেকে বের করে দেন।
পরে ওই যাত্রীরা শমসেরনগর স্টেশনে নেমে যান। রাত আনুমানিক ১২টার দিকে যাত্রীসেবা নিশ্চিত করতে এ্যাটেনডেন্ট তৌহিদ প্ল্যাটফর্মে নামলে সেখানে তাকে ওই যাত্রী ও তার সহযোগীরা অতর্কিতভাবে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
হামলায় তৌহিদের নাকে গুরুতর আঘাত লাগে। নাক দিয়ে রক্তপাতের পাশাপাশি নাক ও মুখমণ্ডল ফুলে যায়। ঘটনার পর তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় ট্রেনে দায়িত্বে থাকা কন্ট্রাক্টর গার্ড ও ট্রেন পরিচালক ওমর ফারুক লিটনের পক্ষ থেকে রেলওয়ে কন্ট্রোলে বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে, শমসেরনগর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের চিহ্নিত করে তাদের খুঁজে বের করার কাজ চলছে বলে রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।