শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:৪০, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। এতে একটি বগি পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান এবং অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মো. সুবক্তাগীন উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং রাত ৯টা ৪৬ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন জানান, ট্রেনটি ওয়াশপিটে ছিল এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। আগুন লাগার সময় ট্রেনটি যাত্রার প্রস্তুতিতে ছিল।
অগ্নিকাণ্ডের কারণ এবং এটি কোনো নাশকতার ঘটনা কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।