ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

হাওড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করছে রেলওয়ে

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৬

হাওড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করছে রেলওয়ে

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রোববার রাতে আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হবে বলে জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, মামলা দায়েরের বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুমকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর রেলওয়ের নিরাপত্তা জোরদারে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের দুই জিএমকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। স্টেশন ও ট্রেনে নাশকতা ঠেকাতে বাড়ানো হচ্ছে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ রেলওয়ের ডিজি (রুটিন দায়িত্ব ) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্টেশনে ফ্ল্যাশ লাইট স্থাপন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) টহল বাড়ানোসহ প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি।’

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন