ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

৩০ বৈশাখ ১৪৩৩, ২৬ জ্বিলকদ ১৪৪৭

ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:০৭, ১২ মে ২০২৬ | আপডেট: ২২:০৮, ১২ মে ২০২৬

ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা রাখার নির্দেশ

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রায় নারীদের ভোগান্তি কমাতে প্রতিটি ট্রেনে আলাদা কামরা বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের  হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে বলা হয়, ঈদযাত্রার সময় প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য আলাদা একটি কামরা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগার ব্যবস্থাও রাখতে হবে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। তিনি জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী দীর্ঘ দূরত্বের ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা থাকার বিধান রয়েছে এবং বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করলে জরিমানার বিধানও আছে।

তিনি আরও জানান, আইনের এসব বিধান বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে এ বিষয়ে রিট করেন আইনজীবী মমতাজ পারভীন। পরে হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, কেন আইন অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ দেওয়া হবে না।

চলমান রুলের পরিপ্রেক্ষিতে ঈদযাত্রায় নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সম্পূরক আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেয় হাইকোর্ট।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন