ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭

রংপুর রেলওয়ে স্টেশনে স্লিপার পরিবর্তন কাজ পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী

হোসাইন রাজিব, স্টাফ রিপোর্টার (পশ্চিমঅঞ্চল)

প্রকাশ: ১৫:৪৯, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:৩৬, ১১ এপ্রিল ২০২৬

রংপুর রেলওয়ে স্টেশনে স্লিপার পরিবর্তন কাজ পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী

রংপুর রেলওয়ে স্টেশনে লাইনের মানোন্নয়ন ও ট্রেন চলাচলের নিরাপত্তা জোরদারে চলমান স্লিপার পরিবর্তন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগের বিভাগীয় প্রকৌশলী শিপন আলী।

শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি স্টেশনে এসে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

রেলওয়ের চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় স্টেশনের ১ নম্বর ও ২ নম্বর লাইনের পুরোনো স্লিপার অপসারণ করে নতুন স্লিপার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে ২ নম্বর লাইনের স্লিপার পরিবর্তন কাজ সম্পন্ন হয়েছে এবং প্রাথমিকভাবে লাইনটি ট্রেন চলাচলের জন্য ফিট ঘোষণা করা হয়েছে। শনিবার থেকে ১ নম্বর লাইনে স্লিপার পরিবর্তনের কাজ শুরু হয়েছে, যা বাস্তবায়ন করছে রেলওয়ের মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান কেসেল কন্সট্রাকশন।পরিদর্শনকালে বিভাগীয় প্রকৌশলী শিপন আলী বলেন, “২ নম্বর লাইনের কাজ সম্পন্ন হয়েছে এবং লাইনটি প্রাথমিকভাবে ট্রাফিকের জন্য চালু করা হয়েছে। আজ থেকে ১ নম্বর লাইনের কাজ শুরু হয়েছে। কাজের সুবিধার্থে আপাতত ১ নম্বর লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।”

তিনি আরও জানান, ১ নম্বর লাইন বন্ধ থাকায় আপাতত স্টেশনের ২, ৩ ও ৪ নম্বর লাইন ব্যবহার করে ট্রেন চলাচল পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্লিপার পরিবর্তন কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে লাইনে ব্যালাস্ট (পাথর) প্রদান করা হবে উল্লেখ করে তিনি বলেন, “লাইন স্ট্যাবিলিটি, লোড বেয়ারিং ক্যাপাসিটি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী ধাপে ব্যালাস্টিং কার্যক্রম সম্পন্ন করা হবে।”

এ সময় পিডব্লিউআই (PWI) রংপুর অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) রংপুর আল আমিন বলেন, “বিভাগীয় প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী কাজ তদারকি করা হচ্ছে। মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কাজের গুণগত মান নিশ্চিত করা হচ্ছে এবং নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করা হচ্ছে।”

রেলওয়ের সংশ্লিষ্টরা আশা করছেন, চলমান এই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলে রংপুর রেলওয়ে স্টেশনের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি পাবে এবং ট্রেন চলাচল আরও নিরাপদ ও গতিশীল হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন