শিরোনাম
প্রকাশ: ১১:৩০, ১২ মে ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় চলন্ত আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পাকশী রেলওয়ে জেলা ডিবি পুলিশ।
রবিবার (১১ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন উল্লাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে জেলার ডিবি সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের “ঝ” বগির ৬ নম্বর সিটে অবস্থানরত সায়েম কাদের (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গিদনীপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।এ সময় তার কাছ থেকে চারটি প্যাকেটে রাখা মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০ গ্রাম করে হেরোইন ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার।