শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৮, ৯ মে ২০২৬
যাত্রী নিরাপত্তা নিশ্চিতকরণ, রেলের সম্পদ রক্ষা এবং স্টেশন এলাকায় অপরাধ দমনে গত এপ্রিল মাসজুড়ে ঢাকা বিভাগ রেলওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা অঞ্চলের বিভিন্ন রেলস্টেশন ও ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক ব্যবসা, চোরাকারবারি, চুরি, ছিনতাই, টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, এপ্রিল ২০২৬ মাসে পরিচালিত মোবাইল কোর্টে মোট ১২৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৬ মাসের সাজা পেয়েছেন ১১ জন, ৪ মাসের সাজা ৫৫ জন, ৩ মাসের সাজা ৮ জন, ২ মাসের সাজা ৩ জন, ৪৫ দিনের সাজা ২ জন, ১ মাসের সাজা ৭ জন, ২০ দিনের সাজা ৩ জন, ১৫ দিনের সাজা ১৯ জন এবং ১০ দিনের সাজা পেয়েছেন ৯ জন। এছাড়া একজনকে নগদ জরিমানা করা হয়েছে এবং ৫ জনকে খালাস দেওয়া হয়।রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে ট্রেনযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে স্টেশন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমানো, অপরাধ নিয়ন্ত্রণ এবং ট্রেনে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন। তিনি বলেন, “রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলের সম্পদ রক্ষায় রেলওয়ে পুলিশের অভিযান চলমান থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।”