শিরোনাম
প্রকাশ: ০৮:২৪, ৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ০৮:২৪, ৩ অক্টোবর ২০২৫
বিশেষ প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আদলে নির্মাণ করা হচ্ছে আরো একটি রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা। বর্তমানে সি এল ডাব্লিউ ১-এর কার্যক্রম চলমান রয়েছে এবং একই আদলে সিএলডাব্লিউ-২ নির্মিত হবে।
কারখানাটি নির্মাণের জন্য ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা অনেকটাই এগিয়ে গেছে। সম্ভবত আগামী ২০২৭ সালে এই কারখানা নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।সেই সঙ্গে বিদ্যমান কারখানার আধুনিকায়নের কাজও করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পার্বতীপুরের রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার আবাসিক এলাকায় আনুমানিক ২৫ একর জায়গার ওপর আরো একটি নতুন রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণ করা হবে। এটি আগের কারখানার আদলেই নির্মিত হবে। শুধু তাই নয়, দুটি কারখানাতেই একই ধরনের কাজ হবে।অর্থাৎ লোকোমোটিভের জিওএইচ, বিশেষ মেরামত, রিলিফ ট্রেন মেরামতসহ বিভিন্ন ধরনের কাজ। সেই সঙ্গে আধুনিকায়ন করা হবে বিদ্যমান কারখানারও। কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য নতুন করে নির্মাণ করা হবে আধুনিক মানের বহুতল ভবন। সব মিলিয়ে এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৯০০ কোটি টাকা।
সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ব্রডগেজ মিলে লোকোমোটিভ (ইঞ্জিন) রয়েছে ৩০৬টি। এর মধ্যে প্রতিবছর ৫১টি করে লোকোমোটিভ ওভারহোলিং করা প্রয়োজন। কিন্তু ওভারহোলিং করা হয় মাত্র ২১টি লোকোমোটিভের এবং তা পার্বতীপুর রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়।
নতুন কারখানাটি নির্মিত হলে ওভারহোলিংয়ের পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। শুধু তাই নয়, সব কাজেরই পরিমাণ বেড়ে যাবে।নতুন কারখানায় ৬৬৬ জনসহ মোট ৭৫০ জন কর্মকর্তা-কর্মচারী কাজের সুযোগ পাবেন।
ঢাকা রেল ভবনে (রেলওয়ে মন্ত্রণালয়) কর্মরত রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যমান কারখানার আদলে আরো একটি কারখানা নির্মিত হতে যাচ্ছে পার্বতীপুরে।’