ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

৪ ভাদ্র ১৪৩৩

পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালুর অপেক্ষা, ‘সপ্তপদী এক্সপ্রেস’

মোঃ মোতাহার হোসেন সরকার স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৬:৫৩, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৪, ১৯ আগস্ট ২০২৬

পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালুর অপেক্ষা,  ‘সপ্তপদী এক্সপ্রেস’

সংগৃহীত ছবি

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাবনা থেকে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালুর সম্ভাবনা জোরালো হয়েছে। নতুন কোচ আসার অপেক্ষায় পাবনা-ঢাকা রুটে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চালুর প্রস্তুতি চলছে। এরই মধ্যে সম্ভাব্য ট্রেনের নাম জানা গেছে।

পাবনা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, দ্রুত রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ চালু করা। সেই দাবির বাস্তবায়ন এখন অনেকটাই কাছাকাছি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঈশ্বরদী থেকে পাবনা হয়ে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত প্রায় ৭৯ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ১ হাজার ৭১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে প্রায় ১ হাজার ৭৩৭ কোটি টাকা হয়েছে। এই রেলপথ নির্মাণের মাধ্যমে পাবনা ও আশপাশের এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ হয়েছে।

২০১৮ সালে ঢালারচর থেকে রাজশাহী পর্যন্ত ‘ঢালারচর এক্সপ্রেস’ চালু করা হয়। তবে কোচ সংকটসহ বিভিন্ন কারণে পাবনা থেকে সরাসরি ঢাকার সঙ্গে আন্তঃনগর রেল যোগাযোগ চালু করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে রাজধানীমুখী যাত্রীদের অন্য রুটের ওপর নির্ভর করতে হয়েছে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ২০০টি নতুন ব্রডগেজ কোচ আসার কথা থাকলেও রাজনৈতিক কারণে কোচগুলো আসতে বিলম্ব হয়েছে। এরই মধ্যে প্রথম ধাপে ১৯টি কোচ বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২২ আগস্ট ভারত থেকে ১৯টি নতুন কোচ দেশে আসার কথা রয়েছে। নতুন কোচ আসার পর পাবনা-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী ২৯ আগস্ট থেকে পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলওয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

পাবনা থেকে ঢাকা নতুন ট্রেন চালুর বিষয়ে পাকশী ডিভিশনের পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রেল নিউজ ২৪-কে বলেন, “২৯ আগস্ট পাবনা থেকে ঢাকা ট্রেন চালু হবে—এ বিষয়ে আমি কোনো তথ্য পাইনি। আমার ডিআরএম (বিভাগীয় রেলওয়ে ম্যানেজার) কোনো নির্দেশনা দেননি।”

তবে সম্ভাব্য নতুন ট্রেনের নাম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ট্রেনটির নাম ‘সপ্তপদী এক্সপ্রেস’ এবং এর কোড নম্বর ৮০৭/৮০৮।

‘সপ্তপদী’ নামকরণের বিষয়ে তিনি জানান, পাবনার কৃতী সন্তান কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। ১৯৬১ সালে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘সপ্তপদী’র নাম থেকেই পাবনা থেকে চালুর অপেক্ষায় থাকা নতুন আন্তঃনগর ট্রেনের নাম ‘সপ্তপদী এক্সপ্রেস’ রাখা হয়েছে।

নতুন ট্রেন চালুর প্রস্তুতির অংশ হিসেবে পাবনা রেলস্টেশনেও বিভিন্ন কার্যক্রম চলছে। কর্মকর্তা মো. মোশারেফ হোসেন ভূঁঞা জানান, দীর্ঘদিন স্টেশনটি সীমিত কার্যক্রমে থাকায় জনবল সংকট ছিল। বর্তমানে সেই সংকট অনেকটাই দূর করা হয়েছে। নতুন ট্রেন চালুর প্রস্তুতি হিসেবে স্টেশনটি রং করা হয়েছে এবং প্রয়োজনীয় সংস্কারকাজও করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রকৌশল ও সিগন্যাল বিভাগের আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর স্টেশনটি পুরোপুরি কার্যক্রমের উপযোগী হবে।

পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হলে শুধু পাবনা নয়, আশপাশের বিভিন্ন এলাকার যাত্রীদেরও রাজধানীর সঙ্গে দ্রুত ও সরাসরি রেল যোগাযোগের সুযোগ তৈরি হবে। দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকামুখী মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন স্থানীয়রা।

তবে ২৯ আগস্ট ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চালু হবে কি না, সে বিষয়ে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। ফলে নতুন ট্রেন চালুর জন্য এখন আনুষ্ঠানিক নির্দেশনা ও রেলওয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন পাবনাবাসী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন