শিরোনাম
স্টাফ রিপোর্টার | রেল নিউজ
প্রকাশ: ১৫:৫১, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৫১, ১৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে সকলের জন্য নিরাপদ ও সহজগম্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ‘Accessibility for All: Bangladesh Railway’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর হোটেল হলিডে ইন-এ রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও ব্র্যাক-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
কর্মশালায় বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো, স্টেশন ও ট্রেনসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ, নারী, শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য আরও সহজ, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সবার জন্য রেলসেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যাত্রীসেবা ও সুযোগ-সুবিধায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ বাংলাদেশ রেলওয়েকে আরও জনবান্ধব ও সবার জন্য ব্যবহারযোগ্য গণপরিবহন ব্যবস্থায় রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।