ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

উদ্বোধনের ৭ম দিনে পাথর নিক্ষেপ এর শিকার অভিযাত্রী কমিউটার

ইমন খান, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩:২২, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২২, ১৮ আগস্ট ২০২৬

উদ্বোধনের ৭ম দিনে পাথর নিক্ষেপ এর শিকার অভিযাত্রী কমিউটার

গোপালগঞ্জ থেকে ঢাকামুখী নতুন চালু হওয়া অভিযাত্রী কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও যাত্রীদের অভিযোগ, মহেশপুর–নগরকান্দা এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০ জন তরুণ নতুন ট্রেনে ভ্রমণ করতে আসেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে ট্রেনে থাকা কয়েকজন যাত্রীকে তারা উত্ত্যক্ত করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় যাত্রীদের সঙ্গে থাকা অভিভাবকরা প্রতিবাদ করলে একপর্যায়ে তাদের সঙ্গে ওই তরুণদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে তারা মহেশপুর এলাকায় নেমে যান।
অভিযোগ রয়েছে, মহেশপুরে নেমে যাওয়ার পর ওই তরুণদের একটি দল ঢাকামুখী অভিযাত্রী কমিউটার ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে যাত্রীদের আহত হওয়ার পাশাপাশি জানালা ও ট্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।
স্থানীয়দের মতে, নতুন চালু হওয়া অভিযাত্রী কমিউটার ট্রেনটি গোপালগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগের সুযোগ তৈরি করেছে। কিন্তু কয়েকজনের এমন কর্মকাণ্ডের কারণে নিরাপত্তাজনিত কারণে ভবিষ্যতে কোনো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ যাত্রীরাই।
এ কারণে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীদের উত্ত্যক্ত ও বিশৃঙ্খলা সৃষ্টির মতো কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।
নতুন ট্রেনের সুবিধা সবার জন্য। কয়েকজনের বখাটেপনার কারণে যেন পুরো এলাকার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত না হন এমনটাই প্রত্যাশা স্থানীয় যাত্রীদের।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন