শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১:১৫, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৫, ২৬ অক্টোবর ২০২৬
ঢাকা–কক্সবাজার রেলপথে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে আরও এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা–চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার মাধ্যমে নতুন এ সেবা চালু করা হয়েছে। এর ফলে ঢাকা–কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন জোড়ায়। নতুন এই উদ্যোগের ফলে প্রতিদিন প্রায় দেড় হাজার অতিরিক্ত যাত্রী রেলপথে যাতায়াতের সুযোগ পাবেন।
সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের বর্ধিত রুটে ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ পথে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। ঢাকা ও কক্সবাজার স্টেশন ছাড়াও বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রাম স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে। নতুন সার্ভিস চালুর ফলে মহানগর এক্সপ্রেসের কুমিরা স্টেশনের যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে কক্সবাজার থেকে সকাল ৯টায় ছেড়ে ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। উভয় দিকেই ট্রেনটির নির্ধারিত রানিং টাইম ৯ ঘণ্টা ৩০ মিনিট।
ট্রেনটির রেকের বেইজিং, পানি সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হবে কক্সবাজারে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। ট্রেনটিতে যাত্রার ক্ষেত্রে আসন বিন্যাস অনুযায়ী মোট আসনসংখ্যা ৭৩৬ ও ৭০৬টি নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী যাত্রীদের ভাড়া পরিশোধ করতে হবে।
এতদিন ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস—এই দুই জোড়া ট্রেন চলাচল করছিল। পর্যটন নগরী কক্সবাজারে রেলপথে যাতায়াতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন করে মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, নতুন এই ট্রেন চালুর ফলে ঢাকা–চট্টগ্রাম রুটের বিভিন্ন এলাকার যাত্রীরা সরাসরি কক্সবাজারে যাতায়াতের বাড়তি সুযোগ পাবেন। পাশাপাশি পর্যটন মৌসুমে যাত্রীদের চাপ সামলানো এবং দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্রে রেল যোগাযোগ আরও সহজ করার ক্ষেত্রে উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমান সরকারের আন্তঃনগর রেলসেবা সম্প্রসারণবিষয়ক নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। নতুন এই সংযোজনের মধ্য দিয়ে ঢাকা–কক্সবাজার রুটে রেল যোগাযোগের পরিসর বাড়ল, যা পর্যটক ও সাধারণ যাত্রীদের যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি করবে।