শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:৩৬, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৭, ২৬ অক্টোবর ২০২৬
জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট বিক্রিতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা যায়, নান্দিনা রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় ও যাত্রী হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে দুদকের টিম যাত্রীবেশে স্টেশনে প্রবেশ করে। এ সময় কমিউটার ট্রেনের টিকিট বিক্রিসহ রেলওয়ে স্টেশনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণকালে টিমের নজরে বেশ কিছু অনিয়ম আসে।
পরে স্টেশনে উপস্থিত যাত্রী ও সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা। এ সময় যাত্রীরা অভিযোগ করেন, কমিউটার ট্রেনের প্রতিটি টিকিটের বিপরীতে নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এতে যাত্রীদের বাড়তি আর্থিক চাপের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে তাঁরা জানান।
অভিযানকালে টিকিট বিক্রির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানায় এনফোর্সমেন্ট টিম। দুদকের এ অভিযানকে স্বাগত জানান উপস্থিত যাত্রীরা।
দুদক সূত্র আরও জানায়, অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে। পরবর্তী সময়ে সংগৃহীত তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।
রেলওয়ের টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখা এবং যাত্রী হয়রানি বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।