শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩:৪৫, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৪৬, ২৬ অক্টোবর ২০২৬
ইমন খাঁন: বিশেষ প্রতিনিধি
অনলাইনে ট্রেনের টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি ঠেকানো কঠিন বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা এবং সফটওয়্যারে নতুন ব্যবস্থা যুক্ত করার বিষয়ে কাজ চলছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, অনলাইনে টিকিট বিক্রির সময় লাখ লাখ মানুষ একসঙ্গে প্রবেশের চেষ্টা করায় চাপ তৈরি হয়। ঈদের সময় প্রতিদিন ৩২ হাজার টিকিটের বিপরীতে ৩৬ থেকে ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেন। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। আবার একাধিক ব্যক্তি মিলে অনেক টিকিট কিনে পরে বেশি দামে বিক্রির প্রবণতা দেখা যায়।
মন্ত্রী বলেন, অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে আগে প্রবেশকারী আগে কেনার সুযোগ পান। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। তবে ব্যবস্থাটি পুরোপুরি ত্রুটিমুক্ত নয়; পর্যায়ক্রমে ত্রুটি দূর করার চেষ্টা চলছে।
মহানগর এক্সপ্রেসের রুট সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, আগে ঢাকা-চট্টগ্রাম রুটে দুই জোড়া ট্রেন চললেও নতুন এই উদ্যোগে কক্সবাজার পর্যন্ত তিন জোড়া ট্রেন চলাচলের সুযোগ তৈরি হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা সাত জোড়ায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। চট্টগ্রামের যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ এড়াতে ট্রেনের কোচের সংখ্যা বাড়ানোরও চেষ্টা চলছে।
রেল যোগাযোগের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, রেলকে মানসম্মতভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। নতুন লোকোমোটিভ ও কোচ আসছে এবং বিভিন্ন প্রকল্পের কাজ চলছে। নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর পর্যন্ত ট্রেন চালুর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
ট্রেনের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, স্টেশনে প্রবেশ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় যত্রতত্র মানুষের চলাচল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে যাত্রীদের আহত করা অপরাধ উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ঘটনা সামাজিক সচেতনতা ও আইনগত ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।