ঢাকা, রোববার, ১১ অক্টোবর ২০২৬

২৫ আশ্বিন ১৪৩৩

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩:৫৯, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৯, ১০ অক্টোবর ২০২৬

‘ট্রেন বাতিল করে ভারতের যুবসমাজকে আটকানো যাবে না’

ভারতের যুবসমাজকে কোনওভাবেই আটকে রাখা যাবে না, এমনকি ট্রেন বাতিল করেও নয়—এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীরা ‘মিথ্যা’ প্রচার চালাচ্ছে এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে এমন মন্তব্য করেন চিরাগ। তার মতে, বারবার রাজধানীর স্বাভাবিক জনজীবন স্তব্ধ করে দেওয়া কোনওভাবেই ঠিক নয়।

ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক চিরাগ পাসোয়ানকে দিল্লিতে ট্রেন বাতিল, মেট্রো পরিষেবায় বিঘ্ন এবং বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবেই বিরোধীদের বিরুদ্ধে সরব হন তিনি।

চিরাগ পাসোয়ান বলেন, ‘এরা ভারতের যুবসমাজ। প্রভু, এদের কেউ আটকাতে পারবে না। কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছেন। কতগুলো ট্রেন আটকে রাখা যাবে? কতটা যোগাযোগব্যবস্থা বন্ধ করা যাবে? কতগুলো রাস্তা অবরুদ্ধ করা যাবে?’

তিনি আরও বলেন, ‘ভারতের যুবসমাজের গোটা বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রয়েছে। তাদের কেউ আটকাতে পারবে না।’

বিরোধী দলগুলোকে কটাক্ষ করে চিরাগ পাসোয়ান অভিযোগ করেন, তারা সমস্যার সমাধান খোঁজার পরিবর্তে বিক্ষোভ ও প্রতিবাদের রাজনীতিতেই বেশি আগ্রহী।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আপনারা (বিরোধীরা) নির্বাচনে জিততে পারছেন না। আর এখন বিক্ষোভের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সমস্যা তৈরি করছেন।’

তার বক্তব্য, নির্বাচন কমিশনের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করতে চাইলে বিরোধীদের উচিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে সময় চাওয়া এবং তার সঙ্গে বৈঠক করা। বৈঠকের জন্য বিক্ষোভ দেখানো উপযুক্ত পদ্ধতি নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগেও নির্বাচন কমিশনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন চিরাগ পাসোয়ান। গত মাসে তিনি নির্বাচন কমিশন, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে, সংস্থার অভ্যন্তরে অসন্তোষ রয়েছে বলে প্রকাশিত খবরগুলির বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

চিরাগ বলেছিলেন, ‘নির্বাচন কমিশনকে মানুষের আস্থা বজায় রাখতে হবে। কারণ, নির্বাচনী প্রক্রিয়া নিয়েই যদি সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়, তা হলে সেটি ঠিক হবে না।’

তিনি আরও বলেন,  ‘এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের উচিত দৃঢ়ভাবে নিজেদের বক্তব্য তুলে ধরা, যাতে মানুষের মনে কোনও সন্দেহ না থাকে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন