ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

মেট্রোরেলসহ আধুনিক গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে জাপান

প্রকাশ: ২৩:০০, ২৮ জুলাই ২০২৬

মেট্রোরেলসহ আধুনিক গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে জাপান

বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের সম্প্রসারণ, আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের নগর যোগাযোগ ব্যবস্থায় মেট্রোরেল একটি যুগান্তকারী সংযোজন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান এবং কারিগরি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে জাপানের সহযোগিতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি মেট্রোরেলসহ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন