ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নতুন পে স্কেলে মাইলেজের ভবিষ্যৎ কী? উদ্বেগে ট্রেন চালক ও গার্ডরা।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:৩৪, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৫, ১৮ নভেম্বর ২০২৬

নতুন পে স্কেলে মাইলেজের ভবিষ্যৎ কী? উদ্বেগে ট্রেন চালক ও গার্ডরা।

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৬ সালের নতুন পে স্কেলকে কেন্দ্র করে দীর্ঘদিনের প্রচলিত এই আর্থিক সুবিধার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ট্রেন চালক, গার্ড ও টিটিইরা। তাঁদের দাবি, মাইলেজ কোনো সাধারণ ভাতা নয়; বরং প্রচলিত বিধিবিধান ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এটি তাঁদের বেতন কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রাপ্য সুবিধা। তাই নতুন পে স্কেল বাস্তবায়নের সময়ও পূর্বের নিয়ম অনুযায়ী মাইলেজ সুবিধা বহাল রাখতে হবে।

রানিং স্টাফদের বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, তাঁদের এই দাবি নতুন কোনো আর্থিক সুবিধা আদায়ের জন্য নয়। দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়মে যে সুবিধা তাঁরা পেয়ে আসছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হলেও তা অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন তাঁরা।

রানিং স্টাফদের পক্ষ থেকে উপস্থাপিত বিভিন্ন নথিতে Railway Establishment Code Volume-1-এর ৭০৭, ৭২৮ ও ১৫০২ নম্বর বিধির উল্লেখ করা হয়েছে। এসব বিধানে রানিং অ্যালাউন্সকে গড় বেতন, ছুটিকালীন বেতন এবং অবসরকালীন পাওনা নির্ধারণের ক্ষেত্রে বিবেচনার বিষয়টি তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ১৯৯৭ সালের সরকারি সিদ্ধান্তে ট্রাফিক রানিং স্টাফ ও লোকোমোটিভ রানিং স্টাফদের আহরিত মূল বেতনের ভিত্তিতে রানিং অ্যালাউন্স প্রদানের বিষয়টিও উল্লেখ রয়েছে। এসব বিধান ও সিদ্ধান্তকে নিজেদের দাবির পক্ষে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখছেন রানিং স্টাফদের নেতারা।

রানিং স্টাফদের দাবি, ১৯৯১, ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ সালের পে স্কেল কার্যকরের সময় বিভিন্ন পর্যায়ে তাঁদের মাইলেজ বা রানিং অ্যালাউন্স সমন্বয় করা হয়েছে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৬ সালের নতুন পে স্কেলেও এই সুবিধা সমন্বয় করতে হবে।

তবে নতুন বেতন কাঠামো এবং বিভিন্ন ভাতা ২০২৮ সালে কার্যকরের বিষয়টি সামনে আসায় মাইলেজের হিসাব ও প্রাপ্যতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রানিং অ্যালাউন্স সমন্বয় না হলে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

পুরোনো রানিং স্টাফদের পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্তদের রানিং অ্যালাউন্স ও অবসরকালীন সুবিধা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ২০২৫ সালে নিয়োগপ্রাপ্ত এএলএম গ্রেড-২ পর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণ শেষে দায়িত্ব পালন শুরু করার পরও পূর্ণাঙ্গ রানিং অ্যালাউন্স না পাওয়ার অভিযোগ উঠেছে। রানিং স্টাফদের বক্তব্য, নতুন ও পুরোনো—সব পর্যায়ের কর্মীদের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান অনুযায়ী আর্থিক সুবিধা নিশ্চিত করতে হবে।

এদিকে গত ১৫ নভেম্বর রানিং স্টাফদের প্রতিনিধিরা রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন), অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক), অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে রানিং স্টাফদের পক্ষ থেকে অতীতের সরকারি সিদ্ধান্ত, পে স্কেল বাস্তবায়নের নজির, রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোড এবং অর্থ বিভাগের নির্দেশনাসংবলিত বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করা হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে রেলওয়ে গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব এম. আর. রনি মিজি বলেন, তাঁদের দাবি নতুন কোনো আর্থিক সুবিধা পাওয়ার দাবি নয়। অতীতে যেভাবে মাইলেজ পেয়ে এসেছেন, এখনো সেভাবেই তা অব্যাহত রাখতে চান। তাঁর ভাষায়, মাইলেজ তাঁদের নতুন কোনো দাবি নয়, বরং অধিকার।

গার্ডস কাউন্সিলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, অতীতেও পে স্কেল কার্যকরের সময় একই ধরনের জটিলতা তৈরি হয়েছিল। তখন সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়েছিল। এবারও তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেছেন। প্রচলিত বিধিবিধানের বাইরে তাঁরা কোনো সুবিধা দাবি করছেন না।

রানিং স্টাফদের নেতৃবৃন্দের ভাষ্য, আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের প্রচলিত মাইলেজ সুবিধা নিশ্চিত করা না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত আন্দোলনের তারিখ বা কর্মসূচি ঘোষণা করা হয়নি।

সংশ্লিষ্টদের মতে, বিষয়টি শুধু রানিং স্টাফদের আর্থিক সুবিধার মধ্যে সীমাবদ্ধ নয়। ট্রেন পরিচালনায় লোকোমাস্টার, গার্ডসহ রানিং স্টাফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের মধ্যে অসন্তোষ দীর্ঘায়িত হলে রেলওয়ের স্বাভাবিক ট্রেন পরিচালনা কার্যক্রমেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় রানিং স্টাফদের উপস্থাপিত সরকারি আদেশ, রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোড ও অর্থ বিভাগের নির্দেশনা পর্যালোচনা করে মাইলেজ বা রানিং অ্যালাউন্সের বিষয়ে দ্রুত সুস্পষ্ট সিদ্ধান্ত চান সংশ্লিষ্টরা। নতুন পে স্কেল বাস্তবায়নের সময় দীর্ঘদিনের প্রচলিত সুবিধা কীভাবে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন