ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

৩ অগ্রাহায়ণ ১৪৩৩

নাজিরহাট ট্রেনের ভাড়া বৃদ্ধি: যাত্রীসেবার উন্নয়নের আগেই বাড়তি বোঝা কেন?

লেখক: মোহাম্মদ ইউসুফ

প্রকাশ: ২১:৫৫, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬, ১৭ নভেম্বর ২০২৬

নাজিরহাট ট্রেনের ভাড়া বৃদ্ধি: যাত্রীসেবার উন্নয়নের আগেই বাড়তি বোঝা কেন?

নাজিরহাট ট্রেনের ভাড়া বৃদ্ধি: যাত্রীসেবার উন্নয়নের আগেই বাড়তি বোঝা কেন?

নাজিরহাট রেলপথে চলাচলকারী লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক যাত্রী। কিন্তু নতুন ট্রেন চালুর সঙ্গে সঙ্গে ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করায় সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। যাত্রীসেবার উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও প্রশ্ন উঠেছে—সেবার মান পুরোপুরি নিশ্চিত হওয়ার আগেই কেন সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ সৃষ্টি করা হলো?

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগে চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ছিল ১২ টাকা। নতুন কমিউটার ট্রেন চালুর পর তা বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা। অর্থাৎ একবার যাতায়াতেই ভাড়া বেড়েছে ৮ টাকা, যা আগের তুলনায় প্রায় ৬৬ দশমিক ৬৭ শতাংশ বেশি। প্রতিদিন যাতায়াতকারী একজন যাত্রী মাসে ৩০ দিন দুইবার যাতায়াত করলে অতিরিক্ত গুনতে হবে ৪৮০ টাকা। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য এই বাড়তি ব্যয় মোটেও উপেক্ষণীয় নয়।

রেলওয়ের যুক্তি কতটা গ্রহণযোগ্য?

রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য, লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের ফলে কোচের মান উন্নত হবে, পাওয়ার কার যুক্ত হওয়ায় আলো-বাতাসের ব্যবস্থা থাকবে এবং শৌচাগারের সুবিধাও পাওয়া যাবে। এসব উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করার সম্পূর্ণ ব্যয় কেন যাত্রীদের ওপর চাপিয়ে দেওয়া হবে?

রেলওয়ে একটি গণপরিবহন সেবা। এর মূল উদ্দেশ্য শুধু আয় বৃদ্ধি নয়, বরং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা। বিশেষ করে চট্টগ্রাম–নাজিরহাট রেলপথ ফটিকছড়ি ও উত্তর চট্টগ্রামের অসংখ্য শিক্ষার্থী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম।

৩৭ কিলোমিটার পথের জন্য বাড়তি ভাড়ার যৌক্তিকতা কোথায় ?

চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় ৩৭ কিলোমিটার। দীর্ঘদিন ধরে এই রুটে স্বল্প ভাড়ায় সাধারণ মানুষ যাতায়াত করে আসছেন। হঠাৎ করে সর্বনিম্ন ভাড়া ১২ টাকা থেকে ২০ টাকা নির্ধারণের আগে রেলওয়ের উচিত ছিল ভাড়া বৃদ্ধির বিস্তারিত ব্যাখ্যা জনসমক্ষে প্রকাশ করা।

নতুন কোচ, বিদ্যুৎ ও শৌচাগারের সুবিধা যুক্ত করার ব্যয় কত, পরিচালন ব্যয় কতটা বেড়েছে এবং ভাড়া নির্ধারণের ভিত্তি কী—এসব তথ্য জনগণের সামনে পরিষ্কার করা প্রয়োজন। শুধু সেবার মান বাড়ানোর কথা বলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তকে সম্পূর্ণ যৌক্তিক বলা যায় না।

স্বল্প দূরত্বের যাত্রীরাও পড়বেন বাড়তি চাপে-----

কমিউটার ট্রেনের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণের ফলে স্বল্প দূরত্বের যাত্রীদের ওপরও বাড়তি চাপ তৈরি হতে পারে। যারা কয়েকটি স্টেশন অতিক্রম করে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বাজারে যাতায়াত করেন, তাদের ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বিশেষ করে শিক্ষার্থী, দরিদ্র শ্রমজীবী ও নিয়মিত যাত্রীদের জন্য বিশেষ ছাড় অথবা মাসিক পাস চালুর বিষয়টি রেলওয়ের বিবেচনায় আনা উচিত।

যাত্রীসেবা নিশ্চিত না হলে ভাড়া বৃদ্ধি অর্থহীন----

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কমিউটার ট্রেনে বিদ্যুৎ, ফ্যান, আলো, শৌচাগার ও উন্নত কোচের ব্যবস্থা থাকবে। কিন্তু এসব সুবিধা কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে যাত্রীরা বাড়তি ভাড়া দিয়েও কাঙ্ক্ষিত সেবা পাবেন না।

ট্রেনের সময়ানুবর্তিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পর্যাপ্ত আসন এবং নিয়মিত চলাচল নিশ্চিত করা রেলওয়ের দায়িত্ব। ভাড়া বাড়ানোর পাশাপাশি এসব সেবার মান উন্নয়নে কার্যকর নজরদারি প্রয়োজন।

রেলওয়ের প্রতি যাত্রীদের কয়েকটি যৌক্তিক দাবি-

১. ১২ টাকা থেকে ২০ টাকা ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা ও ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে।

২. স্বল্প দূরত্বের যাত্রীদের জন্য দূরত্বভিত্তিক সাশ্রয়ী ভাড়া পুনর্বিবেচনা করতে হবে।

৩. শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ ও নিয়মিত যাত্রীদের জন্য বিশেষ ছাড় অথবা মাসিক পাস চালু করতে হবে।

৪. নতুন কমিউটার ট্রেনে ঘোষিত ফ্যান, লাইট, শৌচাগার ও উন্নত কোচের সুবিধা নিশ্চিত করতে হবে।

৫. ট্রেনের সময়সূচি মেনে চলা এবং নিয়মিত ট্রেন পরিচালনা নিশ্চিত করতে হবে।

৬. যাত্রীদের মতামত ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ভাড়া পুনর্নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে হবে।

গণপরিবহনে মুনাফার চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে----

চট্টগ্রাম–নাজিরহাট রেলপথ শুধু একটি যোগাযোগব্যবস্থা নয়; এটি উত্তর চট্টগ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গভীরভাবে জড়িত। এই রেলপথের উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি।

রেলওয়ে কর্তৃপক্ষের কাছে প্রশ্ন—যাত্রীসেবার উন্নয়নের নামে ভাড়া বাড়ানো হলে সেই উন্নয়নের নিশ্চয়তা কোথায়? জনগণ বাড়তি ভাড়া দিতে আপত্তি করে না, যদি তারা তার বিপরীতে মানসম্মত সেবা পান। কিন্তু সেবার নিশ্চয়তা ছাড়া ভাড়া বৃদ্ধি কোনোভাবেই জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে না।

অতএব, বাংলাদেশ রেলওয়ের উচিত ১২ টাকা থেকে ২০ টাকা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং জনস্বার্থ, যাত্রীদের আর্থিক সক্ষমতা ও সেবার মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। রেলওয়ে জনগণের সম্পদ; তাই এই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে মুনাফার পাশাপাশি জনগণের স্বার্থই হওয়া উচিত প্রধান বিবেচ্য।

সাশ্রয়ী রেলযাত্রা সাধারণ মানুষের অধিকার। উন্নত সেবা নিশ্চিত না করে বাড়তি ভাড়ার বোঝা চাপিয়ে দেওয়া নয়, বরং সেবার মান ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠাই হোক রেলওয়ের মূল লক্ষ্য।

লেখক: মোহাম্মদ ইউসুফ, সাধারন সম্পাদক, গণঅধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন