শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৮, ১২ এপ্রিল ২০২৬
রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস-এ মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল কোডিনযুক্ত সিরাপসহ এক নারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল ৪টা ৫৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে থানাধীন আব্দুলপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে ট্রেনটির “ক” বগির করিডোর থেকে তাকে আটক করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে জেলার ডিবি শাখার এসআই (নিরস্ত্র) মো. আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটিতে অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন নারী কিমা জান বেওয়া (৫৫)-এর কাছ থেকে ২৫ বোতল কোডিনযুক্ত ‘ESKUF’ সিরাপ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত কিমা জান বেওয়া রাজশাহী জেলার চারঘাট থানার সিপাইপাড়া (ইউসুফপুর) এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
এ ঘটনায় তার বিরুদ্ধে ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীবাহী ট্রেনে মাদক পরিবহন রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।