শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:৪৩, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৬, ১১ অক্টোবর ২০২৬
নাটোর রেলওয়ে স্টেশন থেকে ল্যাপটপ ও ক্যামেরাসহ জার্মান পর্যটক ক্রিলের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিলে সহায়তাকারী ও তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর রোববার (১১ অক্টোবর) সকালে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে ঐ যুবকের ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগিয়েছে এসআরবি।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ বলেন, অভিযুক্তকে গ্রেফতারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, 'অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে গ্রেফতারে কিছুটা সময় লাগছে।'
১৮ বছর বয়সী জার্মান নাগরিক ক্রিল গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে।
পরে ক্রিল বিশ্বাস করে ঐ যুবকের কাছে নিজের ব্যাগ রেখে টিকিট কাটতে যান। ফিরে এসে তিনি দেখেন, ব্যাগসহ ওই যুবক পালিয়ে গেছে। চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল।