ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

নওগাঁর হুজুরের ‘পানিপড়া’ নিতে দিনাজপুরে রেলস্টেশনে ভিড়

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:৪৫, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৪৫, ৩০ অক্টোবর ২০২৬

নওগাঁর হুজুরের ‘পানিপড়া’ নিতে দিনাজপুরে রেলস্টেশনে ভিড়

রোগমুক্তির কামনায় আত্রাইয়ের এক হুজুরের পানিপড়া নিতে যাওয়ার জন্য দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে শত শত নারী-পুরুষের ভিড় জমেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকে স্টেশনে নারী-পুরুষের এমন উপস্থিতিতে প্ল্যাটফর্ম এলাকায় তৈরি হয়েছে জনসমাগম। এতে নিয়মিত ট্রেনযাত্রীদের স্বাভাবিক চলাচল ও অপেক্ষায় ভোগান্তি দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় নারী-পুরুষের ভিড়। নিজের আবার কেউ কেউ নিকট আত্মীয়-স্বজনের রোগমুক্তির জন্য পানিপড়া সংগ্রহের অপেক্ষায় রয়েছেন। আবার কেউ দূর-দূরান্ত থেকে এসেছেন পরিচিতজনদের সঙ্গে। এসময় প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীদেরও ভিড়ের মধ্যে অবস্থান করতে হয়েছে।

স্থানীয়রা জানান, নওগাঁর আত্রাইয়ের ওই হুজুরের পানিপড়া নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ট্রেনযোগে আত্রাই যাওয়ার জন্য ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে এসেছেন। রোগমুক্তি কামনায় তারা সেখানে যাচ্ছেন।

সুবেদ রায় নামের একজন বলেন, তার প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য আত্রাই হুজুরের কাছে পানিপড়া নিতে যাচ্ছেন। শুনেছেন হুজুরের পানিপড়া খেলে নাকি প্রতিবন্ধীরা ভালো হয়ে যাচ্ছে। এজন্য ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছেন।

আমবাড়ী এলাকার ক্যানসার আক্রান্ত শফিকুল ইসলাম বলেন, তার চিকিৎসায় অর্থ-সম্পদ প্রায় সবকিছুই শেষ হওয়ার পথে। তাই শেষ ভরসা হুজুরের পানিপড়া নিতে আত্রাই যাচ্ছেন।

বিভিন্ন রোগে আক্রান্ত গৃহবধূ আলেমা বলেন, ভালো ভালো চিকিৎসক দেখিয়েও সুস্থ হচ্ছেন না। প্রতিবেশীর কাছে শুনেছেন, আত্রাইয়ের হুজুরের পানিপড়া খেলে রোগ ভালো হবে। এজন্য সেই বিশ্বাস থেকে নওগাঁ যাচ্ছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শামীম হোসেন নামের এক যাত্রী বলেন, ‘স্টেশনে এসে দেখি প্ল্যাটফর্মে অনেক মানুষের ভিড়। এতে স্বাভাবিকভাবে চলাচল করতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ট্রেন আসার সময় ওঠানামা করতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে। স্টেশন কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।’

আরেক যাত্রী নয়ন ইসলাম বলেন, ‘রেলস্টেশন সাধারণ যাত্রীদের যাতায়াতের জায়গা। এখানে অতিরিক্ত মানুষের সমাগম হলে যাত্রীদের নিরাপত্তা ও চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তাই প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন।’

এ বিষয়ে ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বলেন, ‘স্টেশনে অনেক মানুষের সমাগমের বিষয়টি আমাদের নজরে এসেছে। কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে। তারা আত্রাই যাবেন বলে জানিয়েছেন।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন