শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:৪৮, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪৮, ২৭ অক্টোবর ২০২৬
পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৪০ বোতল উইনসেরেক্স (WINCEREX) সিরাপসহ মো. রাজু হক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করে। এ সময় ট্রেন থেকে নেমে ওই যুবককে প্ল্যাটফর্মের সিঁড়ির সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে প্ল্যাটফর্মে দায়িত্বরত এসআই মো. আব্দুল লতিফ তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় এএসআই মো. মামুন সহায়তা করেন।
একপর্যায়ে ওই যুবকের শরীরে তল্লাশি চালিয়ে তার পরিহিত কালো রঙের পাঞ্জাবির নিচে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় কোডিন ফসফেটযুক্ত ৪০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে উদ্ধার করা সিরাপগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেপ্তার রাজু হকের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে। তার বাবার নাম মো. আসাদুল হক এবং মায়ের নাম রোকসানা খাতুন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের বরাত দিয়ে পাঠানো এ ঘটনাসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।