শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯:৩৭, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৩৮, ১৬ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে ৭/১৪ লোডে একটি রেক গঠন করে ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ-সংক্রান্ত একটি পত্র জারি করা হয়। পত্রে স্বাক্ষর করেন উপপরিচালক (টিটি) মো. মেহেদী হাসান।
পত্রে উল্লেখ করা হয়, চট্টগ্রাম–নাজিরহাট–চট্টগ্রাম রুটে পরিচালিত দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের লক্ষ্যে ৭/১৪ লোডে একটি রেক গঠন করে পরিচালনার প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন করেছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ট্রেনগুলোর নাম হবে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। নির্ধারিত কোচ কম্পোজিশনে তিনটি ৬০ আসনবিশিষ্ট এস কোচ, একটি ডব্লিউপিসি কোচ, ৩৪ আসনবিশিষ্ট একটি এসএলআর কোচ এবং আরও দুটি ৬০ আসনবিশিষ্ট এস কোচ রাখার কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পত্রে চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম–নাজিরহাট রুটের যাত্রীসেবায় নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি কমিউটার ট্রেন হিসেবে লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।