শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:০০, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:০০, ১৬ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কোন হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি ও মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ঘটনার সময় অফিসের ভেতরে লোকজন থাকায় তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, রাতে বারোবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেল সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কোন হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশাপাশি দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।