শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:২২, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৩, ১৫ নভেম্বর ২০২৬
"অবকাঠামো সম্প্রসারণের নামে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ, একের পর এক মেগাপ্রকল্প, নতুন রেললাইন ও আধুনিক স্টেশন নির্মাণ—সবই হয়েছে। কিন্তু সেই অনুপাতে বাড়েনি ট্রেন পরিচালনার সক্ষমতা, ইঞ্জিনের সংখ্যা, নিয়মিত ট্রেন চলাচল কিংবা যাত্রীসেবার মান। তাহলে ১৬৪ বছরের রেলওয়ে উন্নয়নের প্রকৃত সুফল পাচ্ছে কারা"?
১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মধ্য দিয়ে এ অঞ্চলে রেলযাত্রার সূচনা। সেই ঐতিহাসিক যাত্রার ১৬৪ বছর পূর্ণ হলো ২০২৬ সালের ১৫ নভেম্বর। দীর্ঘ এই সময়ে ব্রিটিশ শাসন, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের নানা রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের মধ্য দিয়ে রেলওয়ে এগিয়েছে। রেলপথ সম্প্রসারিত হয়েছে, সেতু নির্মিত হয়েছে, নতুন স্টেশন হয়েছে, আধুনিকায়নের নামে বিপুল অর্থ বিনিয়োগ হয়েছে। কিন্তু এত দীর্ঘ সময় পরও একটি মৌলিক প্রশ্নের উত্তর মেলেনি—বাংলাদেশ রেলওয়ে কি সত্যিকার অর্থে যাত্রীসেবার মান ও ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়াতে পেরেছে?
উন্নয়ন বলতে আমরা সাধারণত নতুন অবকাঠামো, বড় প্রকল্প, বাজেট ও দৃশ্যমান নির্মাণকাজ বুঝি। কিন্তু একটি গণপরিবহন ব্যবস্থার প্রকৃত উন্নয়ন নির্ধারিত হয় তার কার্যকর পরিবহন সক্ষমতা দিয়ে। প্রতিদিন কতটি ট্রেন চলাচল করছে, কতজন যাত্রী নিরাপদে ও সময়মতো গন্তব্যে পৌঁছাচ্ছেন, কতটি ইঞ্জিন সচল রয়েছে, কতটি কোচ ব্যবহারযোগ্য এবং যাত্রীদের জন্য কী ধরনের সেবা নিশ্চিত করা হচ্ছে—এসবই হওয়া উচিত রেলওয়ের উন্নয়ন পরিমাপের প্রধান সূচক।
দুঃখজনক বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের রেলওয়েতে অবকাঠামোগত বিনিয়োগের তুলনায় পরিচালন সক্ষমতা বৃদ্ধির চিত্র অনেকটাই ভিন্ন।
স্বাধীনতার পর ইঞ্জিনের বহর বাড়ল না, বরং সংকুচিত হলোঃ বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা মূল্যায়নে স্বাধীনতার সময়ের সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করা জরুরি। বিভিন্ন প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে তৎকালীন রেলওয়ের বহরে প্রায় ৪৮৬টি ইঞ্জিন ছিল। অথচ সাম্প্রতিক বছরগুলোর প্রকাশিত তথ্যে ইঞ্জিনের সংখ্যা ৩০৬টির কাছাকাছি দেখা যায়। অর্থাৎ স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পরও ইঞ্জিনের বহর সেই সময়ের তুলনায় বড় হয়নি; বরং সংখ্যাগতভাবে কমেছে।
আরও উদ্বেগের বিষয় হচ্ছে, কাগজে-কলমে থাকা সব ইঞ্জিন নিয়মিত ট্রেন পরিচালনার উপযোগী নয়। পুরোনো ইঞ্জিনের বয়স, যান্ত্রিক ত্রুটি, যন্ত্রাংশের অভাব এবং রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতার কারণে অনেক ইঞ্জিন অচল হয়ে পড়ে থাকে।
রেলওয়ের ইঞ্জিনের অর্থনৈতিক আয়ুষ্কাল সাধারণত ২০ বছর বিবেচনা করা হয়। অথচ বহরের উল্লেখযোগ্য অংশ সেই সময়সীমা অতিক্রম করেছে। এর ফলে নতুন রেললাইন নির্মাণের পরও পর্যাপ্ত ট্রেন পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও কেন বাংলাদেশ রেলওয়ে প্রয়োজন অনুযায়ী ইঞ্জিনের বহর গড়ে তুলতে পারল না? কেন পুরোনো ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা কাটিয়ে একটি দীর্ঘমেয়াদি প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ পরিকল্পনা বাস্তবায়ন করা গেল না?
ট্রেনের সংখ্যা বাড়ার পরিবর্তে কমেছেঃ রেলওয়ের উন্নয়নের সবচেয়ে দৃশ্যমান মাপকাঠি হওয়া উচিত ট্রেন চলাচলের সংখ্যা ও নিয়মিততা। কিন্তু বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০১২ সালের দিকে বাংলাদেশ রেলওয়েতে ৩০০টির বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল করলেও পরবর্তী সময়ে সেই সংখ্যা কমে প্রায় ২২৮টিতে নেমেছে।
অর্থাৎ একদিকে রেলপথের দৈর্ঘ্য বেড়েছে, অন্যদিকে ট্রেন পরিচালনার সক্ষমতা সেই অনুপাতে বাড়েনি। কোথাও নতুন রেললাইন নির্মাণ হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত ট্রেন চালু করা যায়নি। কোথাও বিদ্যমান ট্রেনের সংখ্যা কমেছে, কোথাও ইঞ্জিন সংকটের কারণে নিয়মিত ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রীর কাছে উন্নয়নের দৃশ্যমান প্রমাণ কী? নতুন স্টেশন ভবন দেখে যাত্রী সন্তুষ্ট হবেন, নাকি সময়মতো ট্রেন পেয়ে গন্তব্যে পৌঁছাতে পারলে সন্তুষ্ট হবেন?
রেলওয়ের উন্নয়ন মূল্যায়নে এই প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোচের সংখ্যা বেড়েছে, কিন্তু কার্যকর সেবা কতটা বেড়েছেঃ এখানে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। স্বাধীনতার আগে ১৯৬৯-৭০ অর্থবছরে যাত্রীবাহী কোচের সংখ্যা ছিল প্রায় ১ হাজার ১৬৫টি। বাংলাদেশ রেলওয়ের তথ্যবই অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে এই সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪২টিতে পৌঁছেছে। অর্থাৎ কোচের মোট সংখ্যা বেড়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কোচগুলোর কতটি নিয়মিত চলাচলের উপযোগী? কতটি মেরামতের অভাবে পড়ে আছে? কতটি অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রম করেছে? যাত্রীদের চাহিদা অনুযায়ী কতটি কোচ প্রতিদিন ট্রেনে সংযুক্ত করা সম্ভব হচ্ছে?
কোচের সংখ্যা বৃদ্ধি আর যাত্রীসেবার মান বৃদ্ধি এক বিষয় নয়। পর্যাপ্ত ইঞ্জিন, কার্যকর রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় জনবল ছাড়া অতিরিক্ত কোচের পূর্ণ ব্যবহার সম্ভব নয়। ফলে রেলওয়ের প্রকৃত সক্ষমতা নির্ধারণে মোট কোচের পাশাপাশি সচল কোচের সংখ্যা ও ব্যবহারযোগ্যতার হিসাব প্রকাশ করা জরুরি।
উন্নয়ন বাজেটের বিপুল অর্থ, সুফল কোথায়ঃ বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে গত দেড় দশকে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। ২০২৪ সালের ২ জুন প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০০৮-০৯ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত রেলওয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ছিল ১ লাখ ২২ হাজার ৫৪২ কোটি টাকা। একই সময়ের মধ্যে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৮৮ হাজার কোটি টাকা ব্যয়ে ১২১টি প্রকল্প বাস্তবায়ন এবং ৯৪৮ কিলোমিটার নতুন রেলপথ যুক্ত হওয়ার তথ্যও প্রকাশিত হয়েছে।
এগুলো নিঃসন্দেহে বড় বিনিয়োগ ও অবকাঠামোগত পরিবর্তনের চিত্র। কিন্তু এসব প্রকল্পের মাধ্যমে সাধারণ যাত্রীর জীবন কতটা সহজ হয়েছে, সেটিই এখন মূল্যায়নের বিষয়।
পদ্মা রেল সংযোগ, দোহাজারী-কক্সবাজার রেলপথ, যমুনা রেলসেতু, আখাউড়া-আগরতলা সংযোগসহ বিভিন্ন প্রকল্প দেশের রেল যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি করেছে। কিন্তু নতুন অবকাঠামোর সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত ইঞ্জিন, কোচ, চালক ও পরিচালন জনবল নিশ্চিত করা না গেলে বিনিয়োগের প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন।
একটি রেলপথ নির্মাণের পর সেখানে ট্রেন চালানোর সক্ষমতা থাকতে হবে। একটি আধুনিক স্টেশন নির্মাণের পর সেটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল থাকতে হবে। নতুন ট্রেন চালুর আগে ইঞ্জিন, কোচ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে। এসব বিষয় প্রকল্প পরিকল্পনার অংশ না হলে অবকাঠামোগত উন্নয়ন অসম্পূর্ণ থেকে যায়।
নতুন ইঞ্জিন কেনার পরও সংকট কাটছে না কেনঃ ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেম থেকে প্রায় ৯৭২ কোটি টাকা ব্যয়ে ৩০টি নতুন ইঞ্জিন সংগ্রহ করা হয়েছিল। কিন্তু ২০২৬ সালের ১৫ অক্টোবর এক প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চার বছরের মধ্যে ওই ৩০টি ইঞ্জিনের ১৮টি অচল হয়ে পড়েছে।
এ ঘটনা রেলওয়ের ক্রয় ও ক্রয়-পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। আধুনিক প্রযুক্তির ইঞ্জিন কেনার আগে কি প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ, কারিগরি সহায়তা, রক্ষণাবেক্ষণব্যবস্থা এবং দক্ষ জনবল নিশ্চিত করা হয়েছিল?
শুধু ইঞ্জিন কিনে বহরে যুক্ত করলেই দায়িত্ব শেষ হয় না। সেগুলোকে দীর্ঘদিন সচল রাখার সক্ষমতা তৈরি করতে হয়। অন্যথায় শত শত কোটি টাকার বিনিয়োগও প্রত্যাশিত সেবা দিতে ব্যর্থ হতে পারে।
জনবল সংকট: উন্নয়নের পথে বড় বাধাঃ রেলওয়ের অনুমোদিত জনবল প্রায় ৪৭ হাজার ৭০৩ জন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারির প্রতিবেদন অনুযায়ী, কর্মরত জনবল ছিল ২২ হাজার ৭৯০ জন। অর্থাৎ অনুমোদিত পদের তুলনায় অর্ধেকেরও বেশি পদ শূন্য ছিল।
এই সংকট শুধু প্রশাসনিক দপ্তরে সীমাবদ্ধ নয়। ট্রেন পরিচালনা, প্রকৌশল, সিগন্যালিং, স্টেশন ব্যবস্থাপনা, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিভাগেও জনবল ঘাটতি রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জনবল সংকটের কারণে অন্তত ১৩০টি স্টেশন বন্ধ থাকার তথ্য উঠে এসেছে।
একদিকে নতুন স্টেশন নির্মাণ, অন্যদিকে কর্মীর অভাবে পুরোনো স্টেশন বন্ধ—এই বৈপরীত্যের সমাধান না হলে রেলওয়ের উন্নয়ন পরিকল্পনা কখনোই পূর্ণতা পাবে না।
রেলওয়ের উন্নয়ন কি শুধু প্রকল্প বাস্তবায়নের হিসাবঃ এখন সময় এসেছে রেলওয়ের উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার পুনর্বিবেচনা করার। দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের সাফল্য পরিমাপ করা হয়েছে কত কিলোমিটার রেললাইন নির্মাণ হলো, কত টাকা ব্যয় হলো, কতটি সেতু ও স্টেশন তৈরি হলো—এসব দিয়ে। কিন্তু কতটি ট্রেন নিয়মিত চলছে, কতটি ইঞ্জিন সচল, কতটি কোচ ব্যবহারযোগ্য, কতজন যাত্রী সেবা পাচ্ছেন এবং ট্রেনের সময়নিষ্ঠতা কতটা বেড়েছে—এসব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয়নি।
ফলে অবকাঠামো সম্প্রসারণের সঙ্গে পরিচালন সক্ষমতার যে ভারসাম্য থাকা প্রয়োজন, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
রেলওয়ের উন্নয়নে এখন কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেওয়া জরুরিঃ প্রথমত, আগামী ১০ থেকে ২০ বছরের চাহিদা বিবেচনায় ইঞ্জিন, কোচ ও ওয়াগন সংগ্রহের সমন্বিত পরিকল্পনা নিতে হবে। দ্বিতীয়ত, পুরোনো ইঞ্জিন ও কোচ পর্যায়ক্রমে প্রতিস্থাপন এবং আধুনিক রক্ষণাবেক্ষণব্যবস্থা গড়ে তুলতে হবে। তৃতীয়ত, দীর্ঘদিনের শূন্য পদ পূরণ করে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। চতুর্থত, বন্ধ স্টেশনগুলো চালু এবং বিদ্যমান ট্রেনের নিয়মিত চলাচল নিশ্চিত করতে হবে। পঞ্চমত, প্রতিটি নতুন রেলপথ ও মেগাপ্রকল্পের সঙ্গে প্রয়োজনীয় ট্রেন পরিচালনার সক্ষমতা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি প্রকল্পের ব্যয়, ক্রয়প্রক্রিয়া, বাস্তবায়নের সময়সীমা এবং প্রকল্প-পরবর্তী সুফল সম্পর্কে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
১৬৪ বছরের রেলওয়ের কাছে জনগণের প্রত্যাশাঃ বাংলাদেশ রেলওয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়। এটি রাষ্ট্রের সম্পদ, জনগণের অর্থে পরিচালিত জাতীয় প্রতিষ্ঠান। এর উন্নয়নও হতে হবে জনগণের স্বার্থকে কেন্দ্র করে।
আমরা রেলওয়ের বিরুদ্ধে নই; আমরা একটি শক্তিশালী, আধুনিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব রেলওয়ে চাই। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, মর্যাদা ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের অধিকার ও সেবার মান উন্নয়নও রাষ্ট্রের দায়িত্ব।
১৬৪ বছরের ইতিহাস আমাদের গর্বিত করে। কিন্তু এই দীর্ঘ ইতিহাসের যথার্থ মর্যাদা তখনই প্রতিষ্ঠিত হবে, যখন দেশের মানুষ রেলওয়ের সেবায় বাস্তব পরিবর্তন দেখতে পাবেন।
"রেললাইন বেড়েছে, প্রকল্প বেড়েছে, বাজেট বেড়েছে; কিন্তু সেই অনুপাতে বাড়েনি ট্রেন পরিচালনার সক্ষমতা। অবকাঠামোর উন্নয়ন হয়েছে, কিন্তু যাত্রীসেবার উন্নয়নই এখনো সবচেয়ে বড় প্রশ্ন"।
এটাই আজকের বাংলাদেশ রেলওয়ের সামনে সবচেয়ে বড় আত্মসমালোচনার বিষয়। উন্নয়নের প্রচার নয়, প্রয়োজন বাস্তব সক্ষমতার প্রমাণ। নতুন রেললাইন নয় শুধু, প্রয়োজন নতুন ট্রেন। নতুন স্টেশন নয় শুধু, প্রয়োজন সচল স্টেশন। নতুন ইঞ্জিন কেনা নয় শুধু, প্রয়োজন সচল ইঞ্জিন। সর্বোপরি, প্রয়োজন এমন একটি রেলওয়ে, যেখানে সাধারণ মানুষ নিরাপদে, সময়মতো, সাশ্রয়ী ভাড়ায় ও স্বস্তির সঙ্গে যাতায়াত করতে পারবেন।
১৬৪ বছরের রেলওয়ের আগামী দিনের সাফল্য নির্ধারিত হবে প্রকল্পের সংখ্যা দিয়ে নয়, যাত্রীর মুখে স্বস্তির হাসি ফুটিয়ে কতটা জনবান্ধব রেলওয়ে গড়ে তোলা গেল, তার ভিত্তিতে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট সভাপতি, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি