শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:১৫, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৯, ১৫ নভেম্বর ২০২৬
আজ ১৫ নভেম্বর জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ অঞ্চলে রেলওয়ের ঐতিহাসিক যাত্রা শুরু হয়। দীর্ঘ ১৬৪ বছরের গৌরবময় পথচলায় বাংলাদেশ রেলওয়ে দেশের যোগাযোগব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন ও জনসাধারণের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জাতীয় রেল দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক জনাব এম. আর. মঞ্জু রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, রেল পরিবারের সদস্য ও যাত্রীসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে কেবল একটি পরিবহন সংস্থা নয়, এটি দেশের জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। রেলওয়ের দীর্ঘ ঐতিহ্য ও অগ্রযাত্রার পেছনে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রেলওয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, মর্যাদা, চাকরির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিক-কর্মচারীদের অবহেলিত রেখে রেলওয়ের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। রেলওয়ের শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, আবাসন সংকট নিরসন, কর্মপরিবেশের উন্নয়ন এবং শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
রেলওয়ের সম্পদ, স্থাপনা ও অবকাঠামো রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী মহল বা দুর্বৃত্তচক্র যাতে রেলওয়ের কোনো সম্পদ বিনষ্ট কিংবা ক্ষতিসাধন করতে না পারে, সে জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্ক, সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিস্বার্থ ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে পেশাদার মনোভাব, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রেলওয়ে জাতীয় সম্পদ, আর এই সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার।
তিনি আরও বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার রেলওয়ের সম্প্রসারণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং শ্রমিক-কর্মচারীদের অধিকার ও কল্যাণ সুরক্ষার লক্ষ্যে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, তা অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক। এসব উদ্যোগের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি একটি আধুনিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও বৈষম্যহীন রেলওয়ে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিশেষে তিনি বলেন, রেলওয়ের উন্নয়ন ও শ্রমিক-কর্মচারীদের অধিকার পরস্পরের পরিপূরক। শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রেলওয়ের সম্পদ সংরক্ষণ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং রেলওয়ের সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে সরকার, কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। ঐক্য, সততা, পেশাদারত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাই এগিয়ে এলে বাংলাদেশ রেলওয়ে দেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।