শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:০১, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০১, ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা কমলাপুর রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনে নতুন উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনের নেতৃত্বে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও অভ্যন্তরীণ-বাহ্যিক এলাকা পরিদর্শন করা হয়।
এ সময় সৌন্দর্যবর্ধনকাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান নন্দন অডিও ভিশন, বেঙ্গল বি, লিজেন্ড গ্রুপ ও এনএসআর গার্ডেনের পক্ষে পরিচালক আনিসুর রহমান (পিআর) উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্টেশনের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নির্দিষ্ট স্থান নির্বাচন করা হয়।
এ সময় রেলওয়ের মহাপরিচালক সৌন্দর্যবর্ধনকাজের মান, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশনের সার্বিক বর্তমান পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরের পরিবেশ ও সৌন্দর্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।