ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩

জাতীয় রেল দিবসে শ্রমিক-কর্মচারীদের অধিকার ও রেলের সম্পদ রক্ষার আহ্বান ইমরুল কায়েস পলাশের

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:২৯, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩১, ১৫ নভেম্বর ২০২৬

জাতীয় রেল দিবসে শ্রমিক-কর্মচারীদের অধিকার ও রেলের সম্পদ রক্ষার আহ্বান ইমরুল কায়েস পলাশের

জাতীয় রেল দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক, অবসরপ্রাপ্ত রেল পরিবারের সদস্য ও যাত্রীসাধারণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশ। একই সঙ্গে একটি আধুনিক, নিরাপদ, দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও বৈষম্যহীন রেলওয়ে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় রেল দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ইমরুল কায়েস পলাশ বলেন, ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ অঞ্চলে রেলওয়ের যাত্রা শুরু হয়। দীর্ঘ ১৬৪ বছরের ঐতিহাসিক পথচলায় বাংলাদেশ রেলওয়ে দেশের যোগাযোগব্যবস্থা, অর্থনীতি ও জনসাধারণের যাতায়াতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই দীর্ঘ অগ্রযাত্রার পেছনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের শ্রম, ত্যাগ এবং নিষ্ঠা বিশেষভাবে স্মরণীয়।

তিনি বলেন, রেলওয়েকে এগিয়ে নিতে হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, এর সঙ্গে সম্পৃক্ত শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে হবে। শ্রমিক-কর্মচারীদের অবহেলিত রেখে রেলওয়ের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই শূন্য পদে জনবল নিয়োগ, যথাসময়ে পদোন্নতি, আবাসন সংকট নিরসন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

রেলওয়ের সম্পদ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বাংলাদেশ রেলওয়ে জনগণের সম্পদ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো। কোনো স্বার্থান্বেষী মহল বা দুর্বৃত্তচক্র যেন রেলওয়ের সম্পদ, স্থাপনা ও অবকাঠামোর ক্ষতিসাধন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যক্তিস্বার্থ ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সততা, পেশাদারত্ব ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ইমরুল কায়েস পলাশ বলেন, রেলওয়ের উন্নয়ন এবং শ্রমিক-কর্মচারীদের অধিকার একে অপরের পরিপূরক। একদিকে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, অন্যদিকে রেলওয়ের সম্পদ রক্ষা ও যাত্রীসেবার মানোন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিবৃতির শেষাংশে তিনি জাতীয় রেল দিবসে রেলওয়ের অতীত ঐতিহ্য ও গৌরবকে ধারণ করে সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, নিরাপদ, স্বচ্ছ ও বৈষম্যহীন বাংলাদেশ রেলওয়ে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন