শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫, ৭ জুন ২০২৬ | আপডেট: ১২:৩৫, ৭ জুন ২০২৬
রাজধানীর যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৭ জুন) থেকে রাতে উভয় দিকেই ট্রেন চলাচল ২০ মিনিট বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মতিঝিল ও উত্তরা উভয় প্রান্ত থেকেই বাড়তি সময় পর্যন্ত মেট্রোরেল সেবা পাওয়া যাবে।যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে রাতে উভয় দিকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০ মিনিট বাড়ানোর নতুন সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে।কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী- এখন থেকে রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়। যা আগে ছিল রাত ১০টা ১০ মিনিট। অন্য দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। যা আগে ছিল রাত সাড়ে ৯টা।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, বর্ধিত এই সময়ে প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে বাড়তি ট্রিপ দেয়া হবে। এই সময়সূচি চূড়ান্ত করার আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে নিবিড় পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চালানোর একটি বড় পরিকল্পনা ছিল। তবে এক লাফে অনেক বেশি সময় বাড়ালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তাই আপাতত ২০ মিনিট করে সময় বাড়িয়ে যাত্রীদের সাড়া দেখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে প্রয়োজন অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে।এর আগে গত বছরের অক্টোবরেও মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হয় এবং রাতেও আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালুর মাধ্যমে ঢাকায় প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত সব কটি স্টেশনে পুরোদমে যাত্রী ওঠানামা শুরু হয়। বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী যানজটহীন পরিবেশ ও স্বাচ্ছন্দ্যে মেট্রোরেলে যাতায়াত করছেন।