শিরোনাম
সেলিমুর রহমান
প্রকাশ: ১৫:২৫, ৬ জুন ২০২৬ | আপডেট: ১৫:২৬, ৬ জুন ২০২৬
বাংলাদেশ রেলওয়েকে আধুনিক ও আরও কার্যকর করতে বেসরকারি পর্যায়ে বিনিয়োগের পরিকল্পনা করছে সরকার। এক টকশোতে এ তথ্য জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, দেশের অন্যান্য পরিবহন খাত যেভাবে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, ভবিষ্যতে রেল খাতেও সেই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের মালিকানাধীন রেললাইন ও স্টেশন ব্যবহার করে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে ট্রেন পরিচালনার সুযোগ দেওয়া হতে পারে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, রেলওয়ের সেবার মান উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই উদ্যোগ বিবেচনা করছে সরকার। এতে নতুন বিনিয়োগ আসবে এবং ট্রেন পরিচালনায় গতি ও দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান যাত্রীচাপ সামাল দিতে এবং রেলকে লাভজনক ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থায় রূপ দিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। বেসরকারি অংশগ্রহণের মাধ্যমে নতুন ট্রেন সংযোজন, সেবার মানোন্নয়ন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা চালুর সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে কবে নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে বা কী ধরনের নীতিমালার আওতায় বেসরকারি ট্রেন পরিচালনা করা হবে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রতিমন্ত্রী।