শিরোনাম
প্রকাশ: ২২:৫২, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫২, ২৩ আগস্ট ২০২৬
কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় শাহীন আহমদ (৩৯) নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে।
জানা যায়, জানালার পাশে বসে থাকা শাহীন আহমদের মাথায় বাইরে থেকে ছোড়া একটি পাথর আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তপাত শুরু হয়। ট্রেনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও রক্তপাত বন্ধ না হওয়ায় মাইকে চিকিৎসক খোঁজা হয়। পরে ট্রেনে থাকা একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক তাকে পরীক্ষা করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এরপর গোমদণ্ডী স্টেশনে ট্রেন থামিয়ে তাকে নামানো হয় এবং স্থানীয় হাসপাতালে নিয়ে মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বিমানে করে ঢাকায় ফিরে যান। এর আগে একই ট্রেনে রামু-ইসলামাবাদ এলাকাতেও পাথর নিক্ষেপে একটি জানালার কাচ ভেঙে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।