শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:২৯, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৯, ১১ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত অবস্থায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা খুলে পড়েছে। এতে দুই যাত্রী সামান্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ৪টার দিকে সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এ ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনের ‘ড’ বগির দরজাটি খুলে পড়ার পর সেটি ছাড়াই ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। তবে রেললাইন বা আশপাশে দরজাটি পড়ে গিয়ে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে দরজাটি উদ্ধার করা হয়।
ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে গেলে সেটি সরানোর চেষ্টা চলছিল। এ সময় ট্রেনের দরজায় ধাক্কা লাগলে সেটি খুলে পড়ে। এতে দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য ব্যথা পান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দরজাটি উদ্ধার করে।
বেলা পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে ওই বগির যাত্রী মো. জহিরুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় শব্দ শুনে উঠে দেখেন একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারও বড় ধরনের ক্ষতি হয়নি।
চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা ও বগির দরজার রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।