শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:৩৪, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৪, ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটির ‘ঢ’ নম্বর বগিতে আগুন দেখতে পান রেলওয়ের কর্মীরা। পরে স্টেশনে থাকা লোকজন ও স্থানীয়দের সহায়তায় ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর হাওর এক্সপ্রেস। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর বগিটিতে ধোঁয়া দেখতে পান রেলকর্মীরা। পরে ভেতরে গিয়ে আগুন জ্বলতে দেখেন তারা। আগুনে বগির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় দায়িত্বে ছিলেন স্টেশন মাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন এবং পাশের মসজিদের মুসল্লিদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিতেও কোনো বিঘ্ন ঘটেনি।
স্টেশন মাস্টার জহিরুল ইসলাম আরও জানান, এর আগে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকায় রাত সোয়া ১টার দিকে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরপর রেলপথে আগুন দেওয়ার ঘটনা এবং ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় রেলওয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।