ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

২৬ কার্তিক ১৪৩৩

রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা সভা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৫:২১, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২১, ১০ নভেম্বর ২০২৬

রাজশাহী রেলওয়ে স্টেশনের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা সভা

রাজশাহী রেলওয়ে স্টেশনের সার্বিক পরিবেশ উন্নয়ন, যাত্রীসেবা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাধারণ যাত্রীরা স্টেশনে যাতায়াতের ক্ষেত্রে তাঁদের বিভিন্ন ভোগান্তি ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় বক্তারা বলেন, স্টেশনে মাদকসেবী, অননুমোদিত হকার ও ছিন্নমূল মানুষের অবাধ অবস্থানের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি টিকিট কালোবাজারিও যাত্রীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, স্টেশনের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা রক্ষায় রেলওয়ে কর্তৃপক্ষের পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো অনিয়ম ও অপরাধের বিষয়ে সঠিক তথ্য দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিষ্ঠানের সার্বিক স্বার্থে তাঁদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সক্ষমতার বিষয়গুলো তুলে ধরেন। সভায় উপস্থিত একজন ঠিকাদার টেন্ডার প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ হোসেন মাসুম। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক এ. এম. এম. শাহ নেওয়াজ, চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্লা ভূঞাঁ, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী মো. আহসান জাবির এবং প্রধান সংস্থাপন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক দুনিয়ার সম্পাদক আহমেদ শফিউদ্দিন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. গোলাম সাকলাইন এবং রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হাসনাইন হিকোল।

এ ছাড়া রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় রাজশাহী রেলওয়ে স্টেশনকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ, যাত্রীবান্ধব ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন