শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২১:৫৫, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৬, ১০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের ঢাকা লোকোশেডে বছরে ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের ও পরিমাণে কম মালামাল কিনে অতিরিক্ত বিল তৈরি, স্টোরের যন্ত্রাংশ আত্মসাৎ, রেলওয়ের মূল্যবান সম্পদ চুরি করে বিক্রি এবং ভুয়া হিসাবের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কমলাপুর লোকোশেডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলীর (লোকো) দপ্তর এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। স্থানীয় ঠিকাদারদের মাধ্যমে প্রতিবছর প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল কেনার বরাদ্দ থাকলেও নিম্নমানের ও প্রয়োজনের তুলনায় কম মালামাল কিনে অতিরিক্ত বিল-ভাউচার তৈরি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া স্টোরে সংরক্ষিত বিভিন্ন মালামাল ও যন্ত্রাংশ আত্মসাৎ, রেলওয়ের লোহা, তামা, লুব্রিকেন্টসহ মূল্যবান সরঞ্জাম চুরি করে স্থানীয় বাজারে বিক্রি এবং ভুয়া হিসাব দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, শ্রমিকদের টিফিন বিল ও অন্যান্য ভাতা প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত নাম অন্তর্ভুক্ত করে বিল উত্তোলন করা হয়। পরে উত্তোলিত অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভাগাভাগি করা হয়। স্টোরের মালামাল ক্রয়, সংরক্ষণ ও বিতরণসংক্রান্ত রেজিস্টার এবং ভাউচারে কারসাজির মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি দুর্নীতির সিন্ডিকেট পরিচালিত হয়ে আসছে বলেও অভিযোগে বলা হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের দল কমলাপুর লোকোশেডে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন নথিপত্র যাচাই করে। অভিযান শেষে সংগৃহীত তথ্য, নথিপত্র ও পর্যবেক্ষণ নিয়ে কমিশনে প্রতিবেদন জমা দেবেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, সংগৃহীত প্রতিবেদন পর্যালোচনার পর অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টদের দায় নিরূপণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।