শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:০০, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০০, ১০ নভেম্বর ২০২৬
খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার (৯ নভেম্বর) রেলওয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে যমুনা সেতু হয়ে চলাচলকারী এ ট্রেনটি রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলের বিষয়ে এরইমধ্যে রেলভবনে উচ্চপর্যায়ের সভায় আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে পাকশী বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করা হলে সত্যতা মিলেছে। তবে রুট পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোটের সদস্য সচিব আশিকুর রহমান লুলু বলেন, ‘রেলওয়ের এ হটকারী সিদ্ধান্ত ঈশ্বরদীবাসী কোনোভাবেই মেনে নেবে না। এটি কোনো ষড়যন্ত্রও হতে পারে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে ঈশ্বরদীতে বৃহত্তর আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া হবে।’
এ বিষয়ে ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ বলেন, ‘এর আগে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ঈশ্বরদী হয়ে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে তুলে নেওয়া হয়েছে। এবার চিত্রা এক্সপ্রেসের রুট পরিবর্তন করে ঈশ্বরদীকে বাদ দেওয়া হলে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে সরাসরি ঢাকায় যাতায়াতের পথ বন্ধ হয়ে যাবে। এতে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ট্রেনে ঢাকায় যাতায়াতের সুযোগও সংকুচিত হবে।’
জানতে চাইলে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী থেকে তুলে নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। তবে রেলভবনে এ বিষয়ে সভা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানতে পেরেছি।’
দীর্ঘদিন ধরে খুলনা ও যশোর থেকে তিনটি আন্তঃনগর ট্রেন চিত্রা, সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশন হয়ে যাতায়াত করতো। ২০২৩ সালের নভেম্বরে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস এ রুট থেকে সরিয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করে। শুধুমাত্র চিত্রা এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদী জংশন হয়ে চলাচল করতো। এবার চিত্রা এক্সপ্রেস ট্রেন এ রুট থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত হতে চলেছে।