ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩

কাশিয়ানীতে ট্রেনের গার্ড রুমে ‘অবৈধ বাজার’: প্রতিদিন ৩০-৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ‘উপর মহলেও ভাগ যায়’

গোপালগঞ্জ সংবাদ দাতা:- আল ইমরান 

প্রকাশ: ১৬:১২, ৩ আগস্ট ২০২৬

কাশিয়ানীতে ট্রেনের গার্ড রুমে ‘অবৈধ বাজার’: প্রতিদিন ৩০-৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ‘উপর মহলেও ভাগ যায়’

কাশিয়ানীতে ট্রেনের গার্ড রুমে ‘অবৈধ বাজার’:
প্রতিদিন ৩০-৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ, ‘উপর মহলেও ভাগ যায়’

 

গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে চলাচলকারী খুলনা-ঢাকা-বেনাপোল রুটের দুটি আন্তঃনগর ট্রেনের গার্ড ব্রেক বা পরিচালকের অফিসরুম পরিণত হয়েছে অবৈধ যাত্রী পরিবহনের ‘কেন্দ্রে’। প্রতিদিন গার্ড ও তার সহকারীদের মাধ্যমে ২০-৩০ জন যাত্রীর কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

সরেজমিনে ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং বেনাপোলগামী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ প্রতিদিন ঢাকা-খুলনা-বেনাপোল রুটে চারবার যাতায়াত করে। মাত্র ৩ ঘণ্টা ৪৫ মিনিটে ঢাকা পৌঁছানো যায় বলে ট্রেন দুটির টিকিট দুই দিন আগেই অনলাইনে শেষ হয়ে যায়।

এই চাহিদার সুযোগ নিয়ে গার্ডের দুটি অফিসরুমে অবৈধভাবে যাত্রী তোলা হচ্ছে। প্রতি ট্রিপে গার্ডের সহকারী পপিদুল ইসলাম পনি প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৪০ টাকা করে আদায় করেন বলে অভিযোগ। রুমে যাত্রী বসানোর জন্য ২৫-৩০টি প্লাস্টিকের চেয়ার পর্যন্ত কেনা হয়েছে। গার্ডের মূল্যবান টেবিলের ওপরেও বসানো হয় যাত্রীদের। প্রায় প্রতিটি স্টেশনেই পনির ‘এজেন্ট’ রয়েছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে জানতে চাইলে পরিচালক মো. আতিকুল ইসলাম আতিক ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে দায় চাপান সহকারী পনিদুল ইসলামের ওপর। 

গার্ডের সহকারী পনিদুল ইসলাম পনি বলেন, “এই টাকার ভাগ ওপর মহলেও দিতে হয়।”

পাকশি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ডিআরএম মো. লিয়াকত শরীফ খান মুঠোফোনে বলেন, “অভিযোগ পেয়েছি। পনিসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পদ এভাবে ব্যবহারের সুযোগ নেই।”

রেলওয়ে সূত্র জানায়, টিকিটবিহীন যাত্রী পরিবহনের কারণে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। যাত্রীরাও ঝুঁকি নিয়ে গার্ড রুমে ঠাসাঠাসি করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

দ্রুত এ অনিয়ম বন্ধে রেল কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন নিয়মিত যাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন