ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩

রেল প্রতিমন্ত্রীর সঙ্গে রেলওয়ের পাঁচ ট্রেড ইউনিয়নের ঐক্যজোটের বৈঠক, ১৬ দফা সুপারিশ পেশ

প্রকাশ: ২০:০৫, ৩ আগস্ট ২০২৬

রেল প্রতিমন্ত্রীর সঙ্গে রেলওয়ের পাঁচ ট্রেড ইউনিয়নের ঐক্যজোটের বৈঠক, ১৬ দফা সুপারিশ পেশ

বাংলাদেশ রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা, রেল উন্নয়ন এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের পাঁচটি নিবন্ধিত ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট ২০২৬) রেলভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ রেলওয়ের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঐক্যজোটের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে ১৬ দফা সুপারিশ উপস্থাপন করা হয়। সুপারিশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল ত্রুটিপূর্ণ নিয়োগবিধি সংশোধন, পদোন্নতির জটিলতা নিরসন, ১,৫০৫ জন গেটকিপার এবং সকল টিএলআর কর্মীদের রাষ্ট্রীয়করণ, রেলওয়ের উন্নয়ন, নতুন লোকোমোটিভ ক্রয় এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বর্তমান বাস্তবতায় প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।

বৈঠকে প্রতিমন্ত্রী শ্রমিক নেতাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে অল্প সময়ের মধ্যেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. আর. মঞ্জু ও এজিএস ইমরুল কায়েস পলাশ; বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সভাপতি মো. আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও সহ-সভাপতি ওমর ফারুক; বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম; রানিং কল্যাণ সমিতির সভাপতি সাইদুর রহমান ও সেক্রেটারি মুজিবুর রহমান; কারিগর পরিষদের সেক্রেটারি এস. কে. বারীসহ পাঁচটি ট্রেড ইউনিয়নের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন