শিরোনাম
প্রকাশ: ১৭:৫০, ৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৭, ৩ আগস্ট ২০২৬
জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য নিরসন এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর জেলার শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশাল জেলার হিজলা উপজেলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ২৯ জুলাই ২০২৬ তারিখের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন শরীয়তপুর-৩-এর সংসদ সদস্য ও মাননীয় হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য নিরসন এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক বিকাশের স্বার্থে পদ্মা সেতু হয়ে শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট হয়ে বরিশালের হিজলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় রেলপথ মন্ত্রণালয়কে সম্ভাব্যতা যাচাইসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয় এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে অনুরোধ জানায়।
প্রস্তাবিত রেললাইন বাস্তবায়িত হলে শরীয়তপুর ও বরিশালের দক্ষিণাঞ্চলের সঙ্গে জাতীয় রেল নেটওয়ার্কের সংযোগ জোরদার হবে। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হওয়ার পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।