শিরোনাম
প্রকাশ: ০২:১৪, ৩ আগস্ট ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন শিগগিরই চালু করা হবে। একই সঙ্গে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে জনগণের সুবিধার্থে সকল লোকাল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং স্টেশন ও যাত্রীদের নিরাপত্তা জোরদারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এ সব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী গ্যাংকারযোগে কক্সবাজার ও রামু রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীনের সঙ্গে ইসলামাবাদ স্টেশনে পৌঁছান। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মং চিনু মার্মা, থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ, সহকারী স্টেশন কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম ও মো. আতিকুর রহমান, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণ তাকে স্বাগত জানান।
.
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ইসলামাবাদ স্টেশনে লোকাল ট্রেনের যাত্রাবিরতির পাশাপাশি স্টেশনের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মানোন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ক্ষেত্রে কিছু কারিগরি ও পরিচালনাগত সীমাবদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এলাকার বিভিন্ন সমস্যা ও জনদাবির বিষয়গুলো লিখিতভাবে মন্ত্রণালয়কে অবহিত করেছেন। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই তিনি সরেজমিনে পরিদর্শনে এসেছেন। পরবর্তীতে আরও কোনো সমস্যা চিহ্নিত হলে তা যথাযথ প্রক্রিয়ায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।