ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩

পাথরের আঘাতে লোকোমাস্টার আহত, অল্পের জন্য রক্ষা পেলেন চোখ

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ০০:২২, ৪ আগস্ট ২০২৬

পাথরের আঘাতে লোকোমাস্টার আহত, অল্পের জন্য রক্ষা পেলেন চোখ

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আহত হয়েছেন দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার শাহাবুল ইসলাম (বিপ্লব)।

সোমবার (৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে পঞ্চগড়গামী ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনে প্রবেশের পর এ ঘটনা ঘটে। চলন্ত ট্রেনে ছোড়া একটি পাথর লোকোমাস্টারের মুখে আঘাত করলে তিনি আহত হন। তবে অল্পের জন্য তার চোখে গুরুতর কোনো ক্ষতি হয়নি।

ঘটনার পর স্টেশনে থাকা ফার্স্ট এইড বক্স থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রেলওয়ের দায়িত্বরত কর্মীদের ওপর এ ধরনের পাথর নিক্ষেপের ঘটনা দীর্ঘদিন ধরেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এতে শুধু ট্রেন পরিচালনায় নিয়োজিত কর্মীরাই নন, যাত্রীদের নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন