ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত

প্রকাশ: ১২:২৫, ৩ আগস্ট ২০২৬

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী জংশনের অদূরে ট্রেনটি পৌঁছালে বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে জানালা ভেদ করে আসা পাথরের  আঘাতে দুই যাত্রী আহত হন।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।

আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া জানান, তিনি ও তার ছোট ভাই ফাহিম আশুগঞ্জ থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ‘ট’ বগিতে ওঠেন। তারা বগির মাঝামাঝি অবস্থান করছিলেন। ফাহিম সিটে বসা ছিলেন, আর তিনি দাঁড়িয়ে ছিলেন। টঙ্গী জংশনের কাছাকাছি পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর ট্রেনের জানালা দিয়ে ভেতরে এসে প্রথমে পাশের এক যাত্রীর মাথায় আঘাত করে, পরে ফাহিমের গলায় লাগে। তিনি বলেন, আমাদের ঢাকায় ব্যাগের ব্যবসা রয়েছে। ঘটনার পর ফাহিম ব্যথা ও আতঙ্কে কাঁপছিল। সে কোনো কথাই বলতে পারছিল না।

আহত লিটন মিয়া জানান, তিনি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ব্যবসার কারণে তিনি নিয়মিত ঢাকায় যাতায়াত করেন। তিনি বলেন, পাথরটি প্রথমে আমার মাথায় আঘাত করে, এরপর আরেকজনের গলায় লাগে। ঢাকায় গিয়ে সিটি স্ক্যান করাতে হবে।

ট্রেনটির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ বলেন, ট্রেন ছাড়ার পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়। তবে গরমের কারণে অনেক যাত্রী জানালা খোলা রাখেন। আহত দুই যাত্রীর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ট্রেনে পাথর নিক্ষেপকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন