ঢাকা, মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

১৯ শ্রাবণ ১৪৩৩

ধূমপান ও তামাকমুক্ত রেলসেবা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি।

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১০:২৪, ৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:২৪, ৩ আগস্ট ২০২৬

ধূমপান ও তামাকমুক্ত রেলসেবা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি।

ধূমপান ও তামাকমুক্ত রেলসেবা নিশ্চিত করতে দেশের সব রেলস্টেশন ও চলন্ত ট্রেনে পাবলিক অ্যানাউন্সমেন্ট (পিএ) সিস্টেমের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

২৮ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের সকল অফিস, স্টেশন ভবন, প্ল্যাটফর্ম এবং ট্রেন সম্পূর্ণ ধূমপান ও তামাকমুক্ত এলাকা। আইন লঙ্ঘন করে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয়ের Initiative to Make Bangladesh Railways Tobacco-Free (IMBRTF) Phase-3 প্রকল্পের আওতায় প্রস্তুত করা বার্তা দেশের সব রেলস্টেশন ও ট্রেনে নিয়মিত প্রচারের জন্য বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন আইনের আওতায় রেলস্টেশন, প্ল্যাটফর্ম ও ট্রেনে ধূমপান কিংবা ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ট্রেন বা রেলস্টেশন থেকে বহিষ্কার করার বিধান রয়েছে। একই ব্যক্তি পুনরায় অপরাধ করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হতে পারে।

সচেতনতামূলক ঘোষণায় যাত্রীদের আইন মেনে চলার পাশাপাশি অন্যদেরও আইন মানতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত রেলসেবা নিশ্চিত করার পাশাপাশি তামাকজাত পণ্য পরিবহন নিরুৎসাহিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও IMBRTF (Phase-3) প্রকল্প পরিচালক মীর আলমগীর হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনা বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট বাণিজ্যিক কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন