শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:৫৭, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১২, ১৭ অক্টোবর ২০২৬
দ্রুততম সময়ের মধ্যে রেল কর্মচারীদের পে-ফিক্সেশন চালুর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (BREL)।
১৫ অক্টোবর ২০২৬, লাকসাম রেলওয়ে স্টেশনে BREL লাকসাম শাখার আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লাকসাম শাখার সভাপতি ও কুমিল্লা অঞ্চলের সম্পাদক জনাব মোঃ ওমর ফারুক ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন লাকসাম শাখার সম্পাদক ও কুমিল্লা অঞ্চলের অর্থ সম্পাদক জনাব মোঃ আলাউদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BREL কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা অঞ্চলের সভাপতি জনাব আসাদুল্লাহ শিশির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জাতীয় বেতন স্কেল ২০২৬ এর পে-ফিক্সেশন চলমান থাকলেও বাংলাদেশ রেলওয়েকে এখন পর্যন্ত iBAS++ লিংকে সংযুক্ত করা হয়নি, ফলে রেল কর্মচারীদের পে-ফিক্সেশন হচ্ছে না। যা অত্যন্ত দুঃখজনক। দ্রুততম সময়ের মধ্যে রেল কর্মচারীদের পে-ফিক্সেশন চালুর ব্যবস্থা নিতে হবে।"
সভায় লাকসাম শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শাখার সার্বিক উন্নয়ন, শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এ সময় সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, "শ্রমিকের অধিকার আদায়ে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য। আসুন, রেল শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (BREL) এর পতাকাতুলে ঐক্যবদ্ধ হই।"