শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১২:৫৬, ৭ আগস্ট ২০২৬
প্রখ্যাত শ্রমিক নেতা পাবনা সদরের এমপি অ্যাড.শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, চলতি আগস্টেই পাবনা শহর থেকে ঢাকা দীর্ঘ প্রতীক্ষিত রেল সুবিধা পাবে পাবনাবাসী। কয়েক দশকের দীর্ঘ প্রতীক্ষা শেষে আমরা পাবনা শহর থেকে ট্রেনে সরাসরি ঢাকা যেতে পারবো। রেল চালুর এই দিন আমরা একটি সমাবেশ করবো। সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত আসতে হবে। আগের দিনে যেমন মওলানা ভাসানীর ডাকে চিড়া গুড় বেঁধে নিয়ে মানুষ ছুটে আসতো, তেমনি আপনাদেরও সমাবেশে আসতে হবে পাবনাকে ভালোবেসে।
৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কুঠিপাড়া নিজ বাসায় নির্বাচনী এলাকার মানুষদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস আরো বলেন, আপনাদের সমস্যা দূর হলে আমার সমস্যাও কমে যাবে। সমাজে যখন বেকারত্ব ও হিংসা বেড়ে যায় তখন সমস্যা হয়। পাবনার মানুষ নিজেদের বঞ্চিত মনে করে। এক সময় পাবনা জেলা ছিল উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। তখন পরিবহন ব্যবস্যা চাঙ্গা ছিল। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় অনেক মিল-কলকারখানা গড়ে উঠেছিল। পাবনা জেলা দেশের গুরুত্বপূর্ণ জেলা হয়ে উঠেছিল। বেকার সমস্যা কম ছিল। দিনে দিনে পাবনার গুরুত্ব কমে যাওয়াতে এখন বেকার সমস্যাও বেড়ে গেছে। তবে হতাশ হওয়ার কারণ নেই। ইতোমধ্যে পাবনাতে মেডিকেল কলেজ চালু হয়েছে। কৃষি কলেজের জন্য কাজ চলছে।
বিমানবন্দর চালু হবে এই মাসেই। বিসিক শিল্প নগরী বড় করার চেষ্টা হচ্ছে । আইটি কলেজ বানানোর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। আমাদের স্বপ্ন আশা ওয়াই -প্যাটার্ন সেতুর বাস্তবায়নে কাজ করছি। জেলার প্রচীনতম পৌরসভার রাস্তাঘাটের বেহাল অবস্থা দূর করতে একটি মহাপরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে। পাবনার উন্নয়ন হলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
সেখানে অনেক বেকার গরীব মেধাবীদের চাকরির ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সরকার সমাজকল্যাণে কাজের পরিধি বাড়িয়েছে। পাবনা মানুষের কল্যাণের জন্য এবি ট্রাস্ট কাজ করছে।
মতবিনিময়কালে এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা। জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ।