ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

জাফলং রেললাইন প্রকল্পে গতি, এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতির আশা

স্বপন কুমার সিং, শ্রীমঙ্গল সংবাদ দাতা

প্রকাশ: ০৩:১৪, ২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:১৪, ২ আগস্ট ২০২৬

জাফলং রেললাইন প্রকল্পে গতি, এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতির আশা

সিলেট-জাফলং রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ আগামী এক মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি লাভ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ শনিবার (১ আগস্ট) বিকেলে সিলেট থেকে জাফলং পর্যন্ত সম্ভাব্য রেললাইন নির্মাণের রুট সরেজমিন পরিদর্শন ও প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এদিন মন্ত্রী রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব ও  বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্য রুট পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নের কারিগরি বিষয়, ভূমি পরিস্থিতি, অবকাঠামোগত সম্ভাবনা এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সিলেট-জাফলং রেললাইন বাস্তবায়িত হলে দেশের অন্যতম পর্যটন গন্তব্য জাফলংয়ের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। 

এতে পর্যটন খাতের পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি ও যাত্রী পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

তিনি আরও জানান, সরকার রেল যোগাযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে এবং সিলেট-জাফলং রেললাইন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

 সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সফরকালে প্রতিনিধিদল সিলেট থেকে জাফলং পর্যন্ত সম্ভাব্য রেললাইন রুট, নির্মাণের কারিগরি সক্ষমতা, সংযোগ ব্যবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

রেল সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পর্যটননির্ভর যাত্রী পরিবহনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন