শিরোনাম
প্রকাশ: ০১:৪৯, ২১ আগস্ট ২০২৬
চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন লিমিটেডের (সিআরসিসিআই) সঙ্গে কারিগরি ও কৌশলগত আলোচনা করতে পাঁচ সদস্যের ওয়ার্কিং টিম গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
গতকাল বুধবার (১৯ আগস্ট) জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালককে (অপারেশন) আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- রেলওয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং), পরিচালক (মেকানিক্যাল), অতিরিক্ত প্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং উপ-পরিচালক (টেলিকম)।
অফিস আদেশে বলা হয়েছে, কমিটি বাংলাদেশ রেলওয়ে ও সিআরসিসিআই- এর মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করবে। পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য ও বিভিন্ন স্টাডি পরস্পরের মধ্যে আদান-প্রদান করা হবে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার করিডোরসহ বাংলাদেশ রেলওয়ের বর্তমান অবস্থা সম্পর্কে সিআরসিসিআই- এর সঙ্গে তথ্য বিনিময় করবে কমিটি।
রেলওয়ের ডেপুটি ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) গৌতম বিশ্বাসের সই করা অফিস আদেশে কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। তথ্যের জন্য রেলওয়ের মহাপরিচালকের পিএস, অতিরিক্ত মহাপরিচালক (ইনফ্রাস্ট্রাকচার) এবং সিআরসিসিআই- এর টিম লিডার লিউ চ্যাংইউকে অনুলিপি দেওয়া হয়েছে।