শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২:৫৮, ২০ আগস্ট ২০২৬
চলন্ত অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনে স্কুলশিক্ষার্থীদের পাথর নিক্ষেপের ঘটনা নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেছেন ট্রেনটির পরিচালক মো. শাহাদত হোসেন। গতকাল বুধবার (১৯ আগষ্ট) তিনি এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন।
শাহাদত হোসেন জানান, অগ্নিবীণা এক্সপ্রেস ফাতেমা নগর স্টেশন থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে সুতিয়াখালী স্টেশনে প্রবেশের কিছুটা আগে একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে একদল ইউনিফর্ম পরিহিত স্কুলশিক্ষার্থীকে ট্রেনের দিকে পাথর নিক্ষেপ করতে দেখেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে পাথর দেখে তিনি হতবাক হয়ে যান। চলন্ত ট্রেন থেকেই ঘটনাটি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন। পরে পথিমধ্যে এক শিশুকে স্কুলের নাম জিজ্ঞেস করলে সে ‘সুতিয়াখালী প্রাইমারি স্কুল’ বলে জানায়। তবে স্কুলটির নামটি সঠিক কি না, তা নিশ্চিত নন তিনি।
ফেসবুক পোস্টে ট্রেন পরিচালক বলেন, পাথর নিক্ষেপকারী শিশুরা হয়তো জানে না, চলন্ত ট্রেনে ছোড়া একটি পাথর কোনো যাত্রীর শরীরে আঘাত করলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে। এতে একজনের মৃত্যু কিংবা দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।
রেলপথের আশপাশে থাকা স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসার কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ট্রেনে পাথর নিক্ষেপের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার আহ্বান জানিয়েছেন তিনি।
একই সঙ্গে শিক্ষকদের শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সচেতনতা তৈরির অনুরোধ জানান শাহাদত হোসেন। তাঁর মতে, জনসচেতনতা বাড়ানো গেলে ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধ করা এবং বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব।