ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

১২ শ্রাবণ ১৪৩৩

লোকো সংকট ও বিলম্বিত উদয়ন এক্সপ্রেসের প্রভাবে আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস

প্রকাশ: ১৪:০৮, ২৭ জুলাই ২০২৬

লোকো সংকট ও বিলম্বিত উদয়ন এক্সপ্রেসের প্রভাবে আড়াই ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭২৩ আপ উদয়ন এক্সপ্রেস ট্রেনটি প্রায় ৫ ঘণ্টা ৪০ মিনিট বিলম্বে সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে সিলেট রেলস্টেশনে পৌঁছায়। এর ফলে চট্টগ্রামগামী ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট থেকে ছাড়তে পারেনি।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট রুটে লোকোমোটিভ সংকট, দুর্বল ইঞ্জিন এবং কানেক্টিং পাওয়ার ব্যবহার করে ট্রেন পরিচালনার কারণে প্রতিদিনই ৭১৯ আপ পাহাড়িকা এক্সপ্রেস ও ৭২৩ আপ উদয়ন এক্সপ্রেস ট্রেন বিলম্বে চলাচল করছে। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যাত্রীরা অভিযোগ করেন, সোমবার উদয়ন এক্সপ্রেসের রেকটি সিলেট ইয়ার্ডে অবস্থান করছিল। রেলওয়ে কর্তৃপক্ষ চাইলে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ওই রেক ব্যবহার করে ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেস নির্ধারিত সময়েই চালাতে পারত। এতে ট্রেনটি সিডিউল অনুযায়ী চলাচল করতে সক্ষম হতো এবং যাত্রীদের ভোগান্তিও কমে আসত।

রেলওয়ের ওয়েবসাইট, স্টেশন মাস্টারের দেওয়া তথ্য এবং স্টেশনের ঘোষণায় জানানো হয়েছিল, সকাল ১০টা ৩০ মিনিটের পরিবর্তে ট্রেনটি ১ ঘণ্টা ৫০ মিনিট বিলম্বে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর, দুপুর ১টা ২ মিনিটে ৭২০ ডাউন পাহাড়িকা এক্সপ্রেস সিলেট স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এদিকে দীর্ঘদিন ধরে একই সমস্যার পুনরাবৃত্তি হওয়ায় দ্রুত পর্যাপ্ত লোকোমোটিভ সরবরাহ, কার্যকর ইঞ্জিন সংযোজন এবং সময়সূচি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন যাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন