ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

কারওয়ানবাজার মেট্রোস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ট্রেনে অবস্থান করায় ৮ মামলায় জরিমানা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:২০, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২০, ২৭ অক্টোবর ২০২৬

কারওয়ানবাজার মেট্রোস্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ট্রেনে অবস্থান করায় ৮ মামলায় জরিমানা

মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কারওয়ানবাজার মেট্রোস্টেশন সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে মতিঝিল মেট্রোস্টেশনে পৌঁছানোর পরও উত্তরা উত্তরগামী যাত্রার উদ্দেশ্যে একই ট্রেনে অবস্থান করায় যাত্রীদের বিরুদ্ধে ৮টি মামলায় অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল হকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অস্থায়ী দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এর মাধ্যমে স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের জন্য চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে, মেট্রোরেলে যাত্রী চলাচলের নিয়মশৃঙ্খলা বজায় রাখতে মতিঝিল মেট্রোস্টেশনেও মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। ট্রেনটি মতিঝিল স্টেশনে পৌঁছানোর পরও একই ট্রেনে অবস্থান করে পুনরায় উত্তরা উত্তর অভিমুখে যাত্রা করার উদ্দেশ্যে অবস্থানকারী যাত্রীদের বিরুদ্ধে সম্প্রতি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সতর্কতামূলক জরিমানাস্বরূপ ৮টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে এমআরটি পুলিশ ও আনসার সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

মেট্রোরেল স্টেশন ও ট্রেনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নির্ধারিত নিয়ম মেনে মেট্রোরেল ব্যবহারে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন